তথ্যভান্ডার করেনি বিকেএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজ বুধবার। তবে শ্রমিক তথ্যভান্ডারের প্রাথমিক কাজ এখনো শুরুই করতে পারেনি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।
অন্যদিকে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ তিন বছর ধরে চেষ্টা করছে। কিন্তু অর্ধেক সদস্য কারখানার শ্রমিকদের তথ্যভান্ডারে যুক্ত করতে পারেনি সংগঠনটি। ফলে পোশাক কারখানার শ্রমিকের একটি বড় অংশ সরকারের গঠিত তহবিল থেকে এখনই সুবিধা পাবেন না।
শ্রম আইন অনুযায়ী সম্প্রতি রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়। তহবিলটি পরিচালনার জন্য ১০ সদস্যের কমিটি হয়েছে। কমিটির চেয়ারম্যান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। কারখানার মালিকদের প্রতিটি রপ্তানি আদেশের বিপরীতে দশমিক ০৩ শতাংশ অর্থ ওই তহবিলে জমা দিতে হবে। সে জন্য সোনালী ব্যাংকে একটি হিসাবও খোলা হয়েছে। ১ জুলাই থেকে তহবিলে অর্থ জমা দিতে নির্দেশ দিয়েছে কমিটি।
কেন্দ্রীয় তহবিলের অর্থ ‘আপত্কালীন’ ও ‘সুবিধাভোগী কল্যাণ’ হিসাব নামে দুটি ভিন্ন ব্যাংক হিসাবে জমা হবে। দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা আপত্কালীন হিসাব থেকে বিভিন্ন অঙ্কের অনুদান পাবেন। অন্য হিসাবটি থেকে আর্থিকভাবে অসচ্ছল মালিকদের শর্ত সাপেক্ষে অর্থ সহায়তা দেওয়া হবে।
গত ১৫ মে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিল পরিচালনা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদান দিতে বিজিএমইএ ও বিকেএমইএকে কেন্দ্রীয় তথ্যভান্ডার করবে। তাতে সংগঠন দুটির সব সদস্য কারখানার শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে হবে। গত ২২ মে শ্রম মন্ত্রণালয় শ্রমিকের তথ্যভান্ডার করতে বিজিএমইএ ও বিকেএমইএকে ১৫ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেয়।
বিকেএমইএর সহসভাপতি এ এইচ আসলাম সানি প্রথম আলোকে বলেন, ‘আমরা একটি প্রতিষ্ঠানের চুক্তি করেছি। বিকেএমইএর সদস্য কারখানার শ্রমিকদের জুলাই থেকে তথ্যভান্ডারে যুক্ত করার কাজ শুরু হবে। তথ্যভান্ডারের কাজ শেষ হতে কমপক্ষে ছয় মাস লাগবে।’
বিকেএমইএর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্যসংখ্যা ২ হাজার ৩০। তবে আসলাম সানি দাবি করেন, সরাসরি রপ্তানি করে প্রায় ৯৫০ কারখানা। নিট পোশাক খাতে ১৫ লাখ শ্রমিক কাজ করেন।
বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ বলেন, ‘বিভিন্ন কারণে তথ্যভান্ডারের কাজ শুরু করা যায়নি। কমিটির কাছে আমরা সময় বাড়ানোর প্রস্তাব দেব।’
এদিকে গত সোমবার পর্যন্ত বিজিএমইএর ১ হাজার ৮০৩ কারখানা তথ্যভান্ডারে যুক্ত হতে সংগঠনের কার্যালয়ে অর্থ জমা দিয়েছে বলে জানা যায়। এর মধ্যে ঢাকার ১ হাজার ৬০৬ ও চট্টগ্রামের কারখানা ১৯৭টি। বিজিএমইএর সদস্য ৪ হাজার ২৯৬ কারখানা। সংগঠনের এক জরিপ অনুযায়ী, বন্ধ ও অস্তিত্বহীন কারখানার সংখ্যা ১ হাজার ১৬৩টি। সে হিসাবে, ১ হাজার ৩৩০ কারখানা তথ্যভান্ডারে যুক্ত হতে বাকি আছে।
অবশ্য শ্রমিকদের তথ্যভান্ডার করার উদ্যোগ বহুদিন আগের। শ্রমিকনেতাদের দাবির মুখে ২০০৮ সালে তথ্যভান্ডার করার ঘোষণা দিলেও করেনি বিজিএমইএ। রানা প্লাজা ধসের পর দাবিটি জোরালো হয়। ২০১৩ সালের ১৪ মে সদস্যদের তথ্যভান্ডারে শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে সময় বেঁধে দেয় বিজিএমইএ। তবে কাজ হয়নি। গত মাসে তথ্যভান্ডারে যুক্ত না হওয়া কারখানার সেবা বন্ধ করে দেওয়া হলেও কিছু কারখানা আগ্রহ দেখাচ্ছে না।
বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘তথ্যভান্ডারের কাজ শেষ করতে আর দুই মাস লাগতে পারে। তবে সরাসরি রপ্তানি করে এমন কারখানার অধিকাংশই তথ্যভান্ডারে যুক্ত হতে অর্থ জমা দিয়েছে।’
জানতে চাইলে তহবিলের পরিচালনা কমিটির সদস্য শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘দ্রুত তথ্যভান্ডারের আওতায় সব শ্রমিককে নিয়ে আসতে সরকারের হস্তক্ষেপ লাগবে।’