তথ্যভান্ডার নিয়ে গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের তথ্যভান্ডারে যুক্ত করতে গড়িমসি করছেন পোশাকশিল্পের মালিকেরা। গত ২০ মাসে মাত্র ৩০১টি কারখানা এ কার্যক্রমে সাড়া দিয়েছে। ফলে বাকি কারখানার শ্রমিকদের তথ্যভান্ডারে যুক্ত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই তথ্যভান্ডারে যুক্ত হওয়ার জন্য গত বছরের মে মাস পর্যন্ত মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয় থেকে ৩৬৬ কারখানা কর্তৃপক্ষ ফরম নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত ৬৫ কারখানা তা পূরণ করে জমা দেয়নি। কারখানার মালিকেরা আগ্রহ না দেখানোর কারণেই এটি হচ্ছে না বলে অভিযোগ আছে।
বিষয়টি নিয়ে বিজিএমইএ শুরুতে সদস্যদের বিভিন্নভাবে চাপ দিলেও এখন সেটি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই সংগঠনের নেতাদের। উল্টো মাঝেখানে কয়েক মাস পুরো প্রক্রিয়াটিই বন্ধ করে রেখেছিল বিজিএমইএ। সংগঠনের এক নেতা গত নভেম্বরে অজুহাত দিয়ে বলেন, ‘সরকার একটি তথ্যভান্ডার করেছে। তাই আরেকটি করার প্রয়োজন নেই।’
তবে বিজিএমইএ ও সরকারের তথ্যভান্ডারের উপযোগিতা ভিন্ন। বিজিএমইএর বায়োমেট্রিক ডেটাবেইসে (তথ্যভান্ডার) শ্রমিকের বিভিন্ন তথ্য যেমন ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বেতন-ভাতা, কাজের ধরন, দক্ষতা ইত্যাদি বিষয় থাকবে। সুষ্ঠুভাবে তথ্য পূরণের পর প্রত্যেক শ্রমিককে একটি স্বতন্ত্র নম্বরসংবলিত কার্ড (জাতীয় পরিচয়পত্রের মতো) দেওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ফিরে পেতে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পোশাকশিল্পের একটি তথ্যভান্ডার করেছে। এতে ৩ হাজার ৭৪১ কারখানার সাধারণ তথ্য যুক্ত করা হয়েছে। গত বছরের ৩০ মার্চ এটির উদ্বোধন করা হয়। অধিদপ্তরের তথ্যভান্ডারে কারখানার নাম-ঠিকানা, উৎপাদনকৃত পোশাকের ধরন, বিজিএমইএর সদস্যপদ আছে কি নেই, নারী ও পুরুষ শ্রমিক কত, মোট শ্রমিকসংখ্যা, লাইসেন্স হালনাগাদ কি না আর পরিদর্শনের তারিখ ও জেলাভিত্তিক শ্রমিকদের সংখ্যা আছে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম গত মঙ্গলবার বলেন, ‘তথ্যভান্ডারের কাজটি আবার আমরা শুরু করেছি। দুই দিন আগে এ-সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। তথ্যভান্ডারের জন্য প্রয়োজনীয় অর্থ কিস্তিতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কারখানাগুলোকে। কারণ, একসঙ্গে অনেক টাকা লাগে। অনেকের সেই সক্ষমতা না থাকায় কাজটি এগোচ্ছিল না।’
তবে গত বছরের ২৫ ফেব্রুয়ারি সমিতির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে তথ্যভান্ডারের কার্যক্রম শুরু করতে সদস্যদের অনুরোধ জানানো হয়। এতে নির্ধারিত মাশুল কয়েকটি কিস্তিতে দেওয়া যাবে এমন সুবিধার কথাও জানানো হয়। ফলে এবার যে কাজটি হবে তা নিয়ে সংশয় থাকছেই।
শ্রম বিশেষজ্ঞ ও শ্রমিক সংগঠনের নেতাদের দাবির মুখে বিজিএমইএ শ্রমিকদের তথ্যব্যাংক ও সার্ভিস বুক করার ঘোষণা দেয় ২০০৮ সালে। তবে তা বাস্তবায়িত হয়নি। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দাবিটি আরও জোরালো হয়। পরে ২০১৩ সালের ১৪ মে বিজিএমইএ এক নির্দেশনা দিয়ে বলে, ১৫ জুনের মধ্যে সব কারখানার শ্রমিককে বায়োমেট্রিক ডেটাবেইসে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। বিজিএমইএর কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত হতে প্রতিটি কারখানার শ্রমিকসংখ্যা ভেদে ৭৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।
নির্দেশনাটি জারির ছয় দিন পর এ বিষয়ে আশুলিয়ার কারখানার কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বিজিএমইএর ভবনে। এতে সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম আশুলিয়ার সব পোশাকশ্রমিকের তথ্যভান্ডার করতে মালিকদের সময় বেঁধে দেন। তিনি বলেন, ৩০ আগস্টের মধ্যে তথ্যভান্ডারের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট কারখানার সেবা বন্ধ করে দেবে সমিতি।
এরপর কেটে গেছে ১৪ মাস। বিজিএমইএর ৪ হাজার ২২২ সদস্য কারখানার মধ্যে তথ্যভান্ডারে যুক্ত হয়েছে মাত্র ৩০১টি। এতে প্রায় পাঁচ লাখ পোশাকশ্রমিক তথ্যভান্ডারের আওতায় এসেছেন। তবে ব্যর্থ কারখানার বিরুদ্ধে বিজিএমইএ কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেয়নি।
শ্রমিকনেতা সিরাজুল ইসলাম অভিযোগ করে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত হলে শ্রমিকদের ঠকানো যাবে না এমন অসৎ উদ্দেশ্যে মালিকেরা এটি করতে চান না। তবে বিজিএমইএর সাংগঠনিক দুর্বলতার কারণেই কাজটি সম্পন্ন না হওয়ার মূল কারণ।
সিরাজুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা এক কারখানা ছেড়ে অন্যটিতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আগের গ্রেডের চেয়ে নামিয়ে কম বেতনের গ্রেডে নিয়োগ দেয় মালিকপক্ষ। তা ছাড়া দুর্ঘটনা ঘটলে তথ্যভান্ডার না থাকায় ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত হন শ্রমিকেরা।’ তবে শ্রমিক ও মালিক উভয় পক্ষের ভালোর জন্য তথ্যভান্ডারের কাজটি শেষ করার দাবি করেন তিনি।