তথ্যভান্ডারে মাত্র ৩০১টি কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ মাসে মাত্র ৩০১টি কারখানা তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। তবে সর্বশেষ এক বছরে একটি কারখানাও এই কাজটি করেনি। তারপরও জানুয়ারির মধ্যে তথ্যভান্ডারের কাজ শেষ করতে চায় বিজিএমইএ। এ জন্য আবার কারখানাগুলোকে তথ্যভান্ডারে যুক্ত হতে তাগাদা দিয়েছে সংগঠনটি।
বিজিএমইএ কার্যালয় থেকে গত ২৬ ডিসেম্বর সংগঠনের সদস্যদের উদ্দেশে নির্দেশনা জারি করা হয়। এতে তথ্যভান্ডারে যুক্ত হতে সংগঠনটি সদস্যদের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আগেও কয়েক দফা তাগাদা দেওয়া হলেও মালিকেরা খুব একটা সাড়া দেননি। ফলে আড়াই বছরেও তথ্যভান্ডারের কাজটি শেষ হয়নি।
অবশ্য গত শনিবার নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আগামী ৩০ জুনের মধ্যে আমরা পোশাকশিল্পের তথ্যভান্ডারের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করব।’
খোঁজ নিয়ে জানা যায়, শ্রম বিশেষজ্ঞ ও শ্রমিক সংগঠনের নেতাদের দাবির মুখে বিজিএমইএ শ্রমিকদের তথ্যব্যাংক ও সার্ভিস বুক করার ঘোষণা দেয় ২০০৮ সালে। তবে তা বাস্তবায়ন হয়নি। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দাবিটি আরও জোরালো হয়। ২০১৩ সালের ১৪ মে বিজিএমইএ এক নির্দেশনা দিয়ে বলে, ১৫ জুনের মধ্যে সব কারখানার শ্রমিককে বায়োমেট্রিক ডেটাবেইসে বা তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। বিজিএমইএর কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত হতে প্রতিটি কারখানার শ্রমিক-সংখ্যা ভেদে ৭৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।
গত বছরের জানুয়ারির মাঝামাঝিতে বিজিএমইএ জানায়, নির্দেশনা জারির ১৯ মাসে মাত্র ৩০১টি কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। এতে প্রায় ৫ লাখ পোশাকশ্রমিক তথ্যভান্ডারের আওতায় এসেছেন। তখন এ বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়।
বিজিএমইএ কার্যালয়ে গত শনিবার খোঁজ নিয়ে জানা যায়, তথ্যভান্ডারে যুক্ত কারখানার সংখ্যা এখনো ওই ৩০১টিতে আটকে আছে। তবে নতুন করে নয়টি কারখানা তথ্যভান্ডারে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে। তার মানে গত এক বছরে অগ্রগতি প্রায় শূন্য। বিজিএমইএর ওয়েবসাইটের তথ্য বলছে, সংগঠনটির সদস্যসংখ্যা এখন ৪ হাজার ২৯৬। অর্থাৎ ৭ শতাংশ কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির প্রথম আলোকে বলেন, ‘যেকোনো মূল্যে আমরা তথ্যভান্ডারের কাজটি শেষ করব। বর্তমান কমিটির প্রথম বোর্ড সভাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এটি আমাদের কার্যতালিকায় এক নম্বরেই আছে।’
তথ্যভান্ডারে যুক্ত হতে মালিকেরা সাড়া দিচ্ছেন না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজিএমইএর এই নেতা বলেন, ‘মালিকদের মধ্যে যাঁরা গড়িমসি করবেন, তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এখনই বলছি না, তবে একটা পর্যায়ে গিয়ে সেটি করতে আমরা বাধ্য হব।’
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাছির বলেন, ‘সরকার প্রতিটি রপ্তানি ক্রয়াদেশের বিপরীতে প্রাপ্ত মোট অর্থের শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ হারে নিয়ে একটি শ্রমিক কল্যাণ তহবিল করেছে। এই তহবিলের সুষ্ঠু ব্যবহার ও কোনো দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের খুঁজে বের করতে তথ্যভান্ডার খুবই দরকার।’
বিজিএমইএর বায়োমেট্রিক ডেটাবেইসে (তথ্যভান্ডার) পোশাকশ্রমিকের বিভিন্ন তথ্য যেমন ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বেতন-ভাতা, কাজের ধরন, দক্ষতা ইত্যাদি বিষয় থাকবে। সুষ্ঠুভাবে তথ্য পূরণের পর প্রত্যেক শ্রমিককে একটি স্বতন্ত্র নম্বর-সংবলিত কার্ড দেওয়ার কথা।
জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, তথ্যভান্ডার না থাকার কারণে শ্রমিকেরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। সরকারের নীতিনির্ধারণী কাজও বাধাগ্রস্ত হচ্ছে। বিজিএমইএ কয়েক বছর ধরে তথ্যভান্ডারের কাজ করলেও শেষ করতে পারেনি। শেষ পর্যন্ত তারা এটি করতে পারলে ভালো। তবে সব কারখানা বিজিএমইএর সদস্য না। তাই পুরো পোশাকশিল্পের স্বার্থে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে এ ধরনের পূর্ণাঙ্গ তথ্যভান্ডারের কাজে হাত দেওয়া উচিত।