বায়োমেট্রিক পদ্ধতিতে শ্রমিক ও কর্মকর্তা তথ্যভান্ডারে যুক্ত না হওয়া পর্যন্ত সদস্য কারখানার সেবা বন্ধ রাখার সিদ্ধান্তেই অটল রইল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বিজিএমইএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।
বৈঠক শেষে গতকাল রাতে সংগঠনের সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, গত তিন বছরে ৬০০ কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। আর সেবা বন্ধের সিদ্ধান্তের পর গত চার দিনে যুক্ত হয়েছে ৫০০-র বেশি কারখানা। ফলে আবার সময় দিলে তথ্যভান্ডারে যুক্ত হতে সদস্য কারখানার আগ্রহ কমে যেতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা সময় বৃদ্ধি না করার পক্ষে মত দেন।
মাহমুদ হাসান খান বলেন, সব মিলিয়ে ১ হাজার ১২৯টি পোশাক কারখানা গতকাল পর্যন্ত তথ্যভান্ডারে যুক্ত হতে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। এর মধ্যে চট্টগ্রামের কারখানার সংখ্যা হচ্ছে ৮৮টি।
বারবার তাগাদা দেওয়ার পরও কারখানাগুলো তথ্যভান্ডারে যুক্ত না হওয়ায় গত রোববার থেকে সংশ্লিষ্ট কারখানার সেবা বন্ধ করে দেয় বিজিএমইএ। পূর্বঘোষণা অনুযায়ী গত শনিবার সংগঠনটির পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা করে সিদ্ধান্তটি নেয়। তারপর থেকেই তথ্যভান্ডারে যুক্ত হতে কারখানার প্রতিনিধিরা বিজিএমইএর কার্যালয়ে ভিড় করেন। তবে অনেক সদস্যের সমালোচনার মুখেও পড়েন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। এ জন্যই গতকাল আবার পরিচালনা পর্ষদের সভা হয়। অবশ্য নেতাদের দাবি ছিল, সেবা বন্ধের সিদ্ধান্তের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই এই সভা।
এদিকে, তথ্যভান্ডারে যুক্ত না হওয়া পর্যন্ত সদস্য কারখানার সেবা বন্ধ রাখার সিদ্ধান্তটি কেবলমাত্র ঢাকা অঞ্চলের জন্য প্রযোজ্য। চট্টগ্রামের সদস্য কারখানার জন্য ৩০ মে পর্যন্ত সময় আগেই দেওয়া হয়েছে। কারণ, সেখানে মাত্র চার-পাঁচ দিন আগে তথ্যভান্ডারের কাজ শুরু হয়।
বিজিএমইএর নেতারা বলেন, শ্রমিককল্যাণ তহবিলের পরিচালনা বোর্ডের প্রথম বৈঠক রোববার হবে। তাই তথ্যভান্ডারের কাজ দ্রুত শেষ করতে হবে। কারণ, সেই তহবিলে প্রতিটি রপ্তানির আদেশের বিপরীতে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ অর্থ কেটে রাখা হবে। এখান থেকেই শ্রমিকদের বিমার টাকা এবং শ্রমিকদের বিভিন্ন অর্থসহায়তা দেওয়া হবে।
বিজিএমইএর বায়োমেট্রিক ডেটাবেইসে পোশাকশ্রমিকের বিভিন্ন তথ্য, যেমন ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র নম্বর, বেতন-ভাতা, কাজের ধরন, দক্ষতা ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে। আর তথ্যভান্ডারে যুক্ত হতে বিজিএমইএর প্রতিটি সদস্য কারখানার শ্রমিক সংখ্যাভেদে ৭৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।