তথ্যভান্ডারে যুক্ত না হলে সেবা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ পোশাক কারখানা তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। বাকি কারখানাগুলোর জন্য ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। এই সময়ের মধ্যে তথ্যভান্ডারে যুক্ত না হলে ব্যর্থ সদস্য কারখানাকে সেবা দেওয়া বন্ধ করে দেবে।
বিজিএমইএ গত মঙ্গলবার এক লিখিত নির্দেশনার মাধ্যমে সময়সীমা সব সদস্য কারখানাকে জানিয়ে দিয়েছে। সংগঠনটি এ বিষয়ে আগেও কয়েক দফা তাগাদা দিয়ে মালিকদের সাড়া পায়নি। এ কারণে গত ৩৪ মাসেও তথ্যভান্ডারের কাজটি শেষ করা যায়নি।
জানা যায়, শ্রম বিশেষজ্ঞ ও শ্রমিক সংগঠনের নেতাদের দাবির মুখে বিজিএমইএ শ্রমিকদের তথ্যব্যাংক ও সার্ভিস বুক করার ঘোষণা দেয় ২০০৮ সালে। তবে তা বাস্তবায়িত হয়নি। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দাবিটি আরও জোরালো হয়। ২০১৩ সালের ১৪ মে বিজিএমইএ সদস্যদের বলে, ১৫ জুনের মধ্যে সব কারখানার শ্রমিককে বায়ো-মেট্রিক ডেটাবেজে বা তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। বিজিএমইএর কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত হতে প্রতিটি কারখানার শ্রমিক সংখ্যাভেদে ৭৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।
সংগঠনটি দফায় দফায় তাগাদা দিয়ে ২০১৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৩০১টি কারখানা তথ্যভান্ডারে যুক্ত করতে পারে। এতে প্রায় ৫ লাখ পোশাকশ্রমিক তথ্যভান্ডারের আওতায় আসেন। তারপর গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর কোনো কারখানার মালিক আগ্রহ দেখাননি। তখন বিজিএমইএ আবারও চলতি বছরের ৩১ জানুয়ারি মধ্যে তথ্যভান্ডারে যুক্ত হতে অনুরোধ করে। অবশ্য তাতেও খুব বেশি সাড়া পাওয়া যায়নি।
জানতে চাইলে গত রাতে বিজিএমইএর সহসভাপতি ফেরদৌস পারভেজ বিভন প্রথম আলোকে বলেন, ‘৫২৫টি তৈরি পোশাক কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে।’
বিজিএমইএর এই নেতার তথ্য অনুযায়ী, সর্বশেষ গত তিন মাসে ২২৪টি কারখানা তথ্যভান্ডারে যুক্ত হয়েছে। কাগজে কলমে বিজিএমইএর সদস্যসংখ্যা এখন ৪ হাজার ২৯৬। তবে বিজিএমইএর দাবি, চালু কারখানার সংখ্যা সাড়ে তিন হাজারের কিছু কম-বেশি হবে। এই হিসাবটি ধরলেও সাত ভাগের এক ভাগ কারখানা মাত্র তথ্যভান্ডারে যুক্ত হয়েছে।
এদিকে গত জানুয়ারিতে এক গোলটেবিল আলোচনায় বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেছিলেন, ‘আগামী জুলাইয়ের ১ তারিখে আমরা পোশাকশিল্পের তথ্যভান্ডারের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করব।’ জুনের মধ্যে তথ্যভান্ডারের কাজ শেষ হবে কি না জানতে চাইলে গতকাল বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমাদের চেষ্টার কোনো ত্রুটি হবে না।’
সিদ্দিকুর রহমান বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে তথ্যভান্ডারে যুক্ত না হলে আমরা সংশ্লিষ্ট সদস্য কারখানার ইউডিসহ অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ করে দেব। সেটি করলে ওই কারখানা পোশাক রপ্তানি করতে পারবে না। তথ্যভান্ডারে যুক্ত হওয়ার অর্থ বিজিএমইএর কাছে দেওয়ার পরই তারা সেবা পাবে।’ তিনি বলেন, ‘বর্তমানে কঠোর অবস্থানে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’
বিজিএমইএর বায়ো-মেট্রিক ডেটাবেজে (তথ্যভান্ডার) পোশাকশ্রমিকের বিভিন্ন তথ্য যেমন ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র নম্বর, বেতন-ভাতা, কাজের ধরন, দক্ষতা ইত্যাদি বিষয় থাকবে। সুষ্ঠুভাবে তথ্য পূরণের পর প্রত্যেক শ্রমিকের জন্য একটি স্বতন্ত্র নম্বর দেওয়া হচ্ছে।
এদিকে সর্বশেষ নির্দেশনায় বিজিএমইএ বলেছে, শ্রম বিধিমালা অনুযায়ী সরকার শ্রমিককল্যাণের জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে প্রতিটি রপ্তানি আদেশের বিপরীতে মোট অর্থের শূন্য দশমিক শূন্য তিন শতাংশ দিতে হবে। তহবিলটি থেকে শ্রমিকদের অনুদান, গ্রুপ বিমার বাৎসরিক প্রিমিয়াম দেওয়াসহ বিভিন্ন কাজে লাগবে। তহবিলটি চালু হলে বিজিএমইএর সদস্যকে শ্রমিকদের গ্রুপ বিমার প্রিমিয়ামের অর্থ দিতে হবে না। এ জন্যই তথ্যভান্ডারে শ্রমিকদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য লাগবে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, তথ্যভান্ডারে এখন পর্যন্ত যতগুলো কারখানা যুক্ত হয়েছে, সেটি সন্তোষজনক নয়। এপ্রিলের মধ্যে সব কারখানা মালিক তথ্যভান্ডারে যুক্ত না হলে সংশ্লিষ্টদের সেবা সাময়িকভাবে বন্ধ করার পাশাপাশি জরুরি সাধারণ সভা ডাকা হবে।