তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ তার সদস্য কারখানাগুলোকে বায়োমেট্রিক ওয়ার্কার ডেটাবেইস বা তথ্যভান্ডারে যুক্ত হতে সম্প্রতি আবারও তাগাদা দিয়েছে। সংগঠনটি সদস্যদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তথ্যভান্ডারে যুক্ত হওয়ার কাজ শেষ করতে বলেছে।
সরকারের অনুরোধে গত ১৭ অক্টোবর বিজিএমইএর পরিচালনা পর্ষদের এক সভায় পোশাকশিল্পের প্রত্যেক কারখানার জন্য বায়োমেট্রিক ওয়ার্কার ডেটাবেইস বাধ্যতামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বিজিএমইএ দীর্ঘদিন চেষ্টা করেও তথ্যভান্ডারের আওতায় সব সদস্য কারখানার শ্রমিকদের নিয়ে আসতে পারেনি। শ্রম বিশেষজ্ঞ ও শ্রমিক সংগঠনের নেতাদের দাবির মুখে বিজিএমইএ শ্রমিকদের তথ্যব্যাংক ও সার্ভিস বুক করার ঘোষণা দেয় ২০০৮ সালে। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দাবিটি জোরালো হয়। ২০১৩ সালের ১৪ মে বিজিএমইএ এক নির্দেশনা দিয়ে ওই বছরের ১৫ জুনের মধ্যে সব কারখানাকে তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত হতে বলে। এ জন্য দুটি প্রতিষ্ঠানকে নিয়োগও দেওয়া হয়। তবে এখন পর্যন্ত অধিকাংশ কারখানাই এই তথ্যভান্ডারের আওতায় আসেনি।
বিজিএমইএর বায়োমেট্রিক ডেটাবেইসে শ্রমিকের বিভিন্ন তথ্য, যেমন—ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বেতনভাতা, কাজের ধরন, দক্ষতা প্রভৃতি বিষয় থাকবে। সুষ্ঠুভাবে তথ্য পূরণের পর প্রত্যেক শ্রমিককে একটি স্বতন্ত্র নম্বর-সংবলিত কার্ড দেওয়ার কথা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রমিকদের কল্যাণের জন্য সরকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানকে তাদের প্রতিটি কার্যাদেশের বিপরীতে মোট অর্থের শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ দিতে হবে।