তথ্য গোপন করে রাখার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। রাজশাহীতে ইউএসএআইডি প্রগতির সহায়তায় গতকাল শনিবার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।সভায় উদ্বোধনী বক্তব্য দেন রাজশাহীর জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত। দেশে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো-প্রধান ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য্ররায়হান বক্তব্য দেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।বক্তারা বলেন, ধীরগতিতে বাস্তবায়নের কারণেই মূলত তথ্য প্রদানকারী ও ব্যবহারকারীদের অনেকেই তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত জানেন না। তাঁদের এ ব্যাপারে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় লোকবল, যথাযথ তথ্য সংরক্ষণব্যবস্থার অভাব ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকাও এ আইন বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে আছে বলে তাঁরা উল্লেখ করেন।আলোচকেরা বলেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়ন এবং এ ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করতে হলে এর আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা থাকতে হবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ করতে হবে, যাতে তাঁদের ওপর জনগণ আস্থা রাখতে পারে। মুহাম্মদ দিলোয়ার বখ্ত স্বীকার করেন, তথ্য অধিকার আইন পাস হওয়ার পরও সরকারি কর্মকর্তাদের মধ্যে দাপ্তরিক গোপনীয়তা আইন সম্পর্কে ভুল ধারণা রয়ে গেছে। অনন্য্ররায়হান বলেন, আইনটি যতক্ষণ না প্রয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত এটির সফলতা, দুর্বলতা, সীমাবদ্ধতা ও উপযোগিতা বোঝা যাবে না। বিজ্ঞপ্তি।