তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও ডিএসইর পরিচালক আবুল হাসেম এই তদন্ত কমিটির প্রধান। অন্য সদস্যরা হলেন: ডিএসইর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার উজ জামান ও মিনহাজ মান্নান ইমন এবং আইসিএবির প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। কমিটিকে আরএন স্পিনিংয়ের রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে সৃষ্ট জটিলতা তদন্ত করতে বলা হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ১১ জানুয়ারি আরএন স্পিনিংয়ের ১: ১ রাইট শেয়ার অনুমোদন দেয়। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এই রাইট শেয়ারের বিপরীতে টাকা জমা নেওয়া (সাবস্ক্রিপশন) হয়।কিন্তু টাকা জমা নেওয়ার পর নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে রাইট শেয়ার পৌঁছায়নি। বিষয়টি বিনিয়োগকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ডিএসই এই তদন্ত কমিটি গঠন করে।এর আগে ১২ জুন এসইসি এ বিষয়ে দুই সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছিল।