
সুইফট কোড জালিয়াতি করে ২০১৩ সালে সোনালী ব্যাংকের ইউকে শাখা থেকে আড়াই লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা) হাতিয়ে নেওয়া হয়েছিল। এর সুবিধাভোগী ছিল তুরস্কের একটি চক্র। তবে সেই ঘটনাটির কারণ উদ্ঘাটনের প্রক্রিয়াটি খুব বেশি দূর এগোয়নি। ফলে ২০১৩ সালের ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সে সময় অধিকতর তদন্তের জন্য বলা হলেও তা এগোয়নি। কারণ হিসেবে বলা হয়, তদন্ত করতে গেলে যে অর্থ ব্যয় হবে, তা খোয়া যাওয়া অর্থের চেয়ে বেশি দাঁড়াবে।
সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনার পর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে অর্থ চুরির ঘটনা ঘটেছে, সেটিও হয়েছে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে। এর ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মোট ১০ কোটি ১০ লাখ ডলার খোয়া যায়। এখন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সোনালী ব্যাংকের সুইফট কোড জালিয়াতির ঘটনার তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের চুরিও রোধ করা যেত। অথচ সোনালী ব্যাংকই তখন চায়নি ঘটনাটির তদন্ত বেশি দূর যাক।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘তুরস্কের সঙ্গে মামলায় গেলে খোয়া যাওয়া অর্থের চেয়ে ব্যয় বেশি হতে পারে, এ কারণে বিষয়টি আর এগোয়নি। বাংলাদেশ ব্যাংক ও বুয়েট কেউ তদন্ত করেও কারও সংশ্লিষ্টতা পায়নি। তবে আমরা চেষ্টা করেছিলাম অর্থ উদ্ধারে।’
>২০১৩ সালে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে চুরি হয় আড়াই লাখ ডলার
জানা গেছে, ২০১৩ সালের জুন মাসে সোনালী ব্যাংকের ইউকে শাখা থেকে সুইফট কোড ব্যবহার করে আড়াই লাখ মার্কিন ডলার হাতিয়ে নেওয়া হয়। লন্ডনের ব্যাংক নেটওয়েস্ট পিএলসির মাধ্যমে ওই অর্থ স্থানান্তর করা হয় তুরস্কের টার্ক ইকোনমি ব্যাংকাসির একটি শাখায়। ওই শাখা থেকে অর্থ তুলে নিয়ে ব্যাংক হিসাবই বন্ধ করে দেয় তুরস্কের জালিয়াত চক্রটি। মাত্র তিন দিনে এ প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আর সোনালী ব্যাংকের ইউকে শাখা থেকে অর্থ স্থানান্তরের সুইফট বার্তাটি পাঠানো হয়েছিল মতিঝিল শিল্প ভবন করপোরেট শাখা থেকে। ওই ঘটনায় সোনালী ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখা বাদী হয়ে শাখাটির সুইফট ব্যবহারকারীর সঙ্গে যুক্ত কর্মকর্তা শাহ আলম ও মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করে। বর্তমানে মামলাটি দুর্নীতি দমন কমিশনে তদন্তাধীন রয়েছে।
জানা যায়, সোনালী ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার পর অর্থ মন্ত্রণালয়ে ব্যাংকিং বিভাগের তৎকালীন সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের বাইরের একটি চক্র এ জালিয়াতি করেছে। প্রকৃত দোষী বা সুবিধাভোগী কারা এটা বের করা গেলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমানো যাবে। তবে সভায় সোনালী ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়, এ ঘটনার তদন্ত ও মামলা করতে গেলে ব্যয় বেশি হয়ে যাবে। ফলে তারা আগ্রহী নয়। পরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোনালী ব্যাংক ও সোনালী ব্যাংকের ইউকে শাখাকে লোকসান ভাগাভাগি করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফলে ঘটনার আর অধিকতর তদন্ত হয়নি।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স গতকাল এক প্রতিবেদনে বলেছে, সোনালী ব্যাংকের ঘটনাটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার যোগসূত্র খুঁজছে পুলিশ।
সোনালী ব্যাংকের প্রযুক্তি পরিচালনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তার (নাম প্রকাশ না করে) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হ্যাকাররা পাসওয়ার্ড জানতে সোনালী ব্যাংকের কম্পিউটারে সফটওয়্যার বসিয়ে রেখেছিল। এরপর সেই পাসওয়ার্ড দিয়ে সুইফটের কাছে ভুয়া বার্তা পাঠানো হয়।