তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় সংসদীয় কমিটির অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফিরিয়ে আনতে ফিলিপাইনের সঙ্গে রাজনৈতিক আলোচনা করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটি এ-বিষয়ক তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের কাছে রেখে দেওয়ার কারণেও অসন্তোষ প্রকাশ করেছে। আবার বিদেশে অর্থ পাচারের ঘটনায় কাউকে চিহ্নিত করতে না পারায় কমিটি কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ওপর ক্ষোভ প্রকাশ করেছে।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, সাংসদ আবদুল ওয়াদুদ, টিপু মুনশি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান অংশ নেন।
বৈঠক শেষে আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘ফিলিপাইনে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সেখানকার সিনেট কমিটিও নতুন। দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছি।’
ফিলিপাইনের সিনেট কমিটি, অর্থমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে কথা বলা যায় কি না, সংসদীয় কমিটির পক্ষ থেকে সে প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান আবদুর রাজ্জাক। তিনি আশাবাদী যে সরকার তা বিবেচনা করবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে রিজার্ভের অর্থ চুরি বিষয়ে গত ১৫ মার্চ তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেন ফরাসউদ্দিন। প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলে কয়েক দফা প্রতিশ্রুতি দিলেও অর্থমন্ত্রী সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসেছেন।
এতেও সংসদীয় কমিটির বেশির ভাগ সদস্য ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। আবদুর রাজ্জাক কারও নাম উল্লেখ না করে বলেন, ‘আমরা এটা কমিটির কাছে দিতে বলেছি। কিন্তু প্রতিবেদনটা এখনো কেন রেখে দিয়েছেন।’
আবদুর রাজ্জাক বলেন, কমিটির সব সদস্যই মনে করেন, যে ডলার গেছে তা গেছেই। দেশের ভাবমূর্তিটা এখন বড় বিষয়। সে কারণেই এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করাটা জরুরি।
বাংলাদেশ থেকে অর্থ পাচারের ঘটনায় দায়ী কেউ চিহ্নিত না হওয়ায়ও সংসদীয় কমিটি ক্ষুব্ধ বলে জানান আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘কানাডায় টাকা পাচার করা হয়। মালয়েশিয়ায় সেকেন্ড হোমে আমরা তৃতীয়। কিন্তু এখন পর্যন্ত একজনকেও চিহ্নিত করা যায়নি।’
গত ১০ বছরে প্রতিবছর গড়ে ৫০০ কোটি টাকা করে পাচার হয়েছে এবং ২০১৩ সালে ৯৯৬ কোটি টাকা পাচার হয়েছে তথ্য দিয়ে আবদুর রাজ্জাক বলেন, ওভার ইনভয়েসিং-আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে এসব অর্থ পাচার হচ্ছে। বিএফআইইউর কাজটা তাহলে কী? ২০১৫ সালের মে মাসে ৪০০-৫০০ মার্কিন ডলারের চাল ৮০০-১০০০ ডলার দেখিয়ে আমদানি করা হয়েছে বলেও উদাহরণ দেন তিনি।
এদিকে সংসদীয় কমিটির কার্যপত্রে পণ্যের শ্রেণিবিন্যাসকরণ ও শুল্ক মূল্যায়ন অত্যন্ত জটিল বলে তুলে ধরা হয়। এ বিষয়ে শুল্ক কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথাও বলা হয়।
আবদুর রাজ্জাক বলেন, ২০১৪-১৫ সালে ক্যাপিটাল আইটেম দেখিয়ে যা আনা হয়েছে, তা কি সত্যিই দেখা হয়েছে? তিনি বলেন, ‘দেশে বিনিয়োগ নেই বলে সবাই সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে চাচ্ছে, আর আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে।’
এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার হওয়া টাকা ফেরত আনা প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, ব্যাংকটি স্বীকার করেছে যে তাদের কিছু ভুল ছিল। তবে ৪০ শতাংশ টাকা তারা উদ্ধার করেছে, বাকিটাও করবে। বাংলাদেশ ব্যাংক তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে।
বেসিক ব্যাংকের অনিয়ম-দুর্নীতির সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের জড়িত থাকার যেসব তথ্য কমিটির কাছে রয়েছে, তদন্তের স্বার্থে সেগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে বলেও জানান আবদুর রাজ্জাক।