তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বেঁধে দিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে না পারায় এখন আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে। বৈশ্বিক সংবাদমাধ্যম বলছে, বিশ্বজুড়ে আলোচিত এই অর্থ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় ঘটনার সঙ্গে দায় সম্পর্কে জানা যাচ্ছে না।
অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনার জন্য অর্থ স্থানান্তরের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের দুর্বলতাকে দায়ী করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট একটি নিবন্ধ প্রকাশ করেছে এ বিষয়ে। সেখানে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনের ব্যর্থতা ব্যাংকের অর্থ চুরির আরেকটি ঘটনা বা কেলেঙ্কারিকে উসকানি দিতে পারে। গত ২৩ সেপ্টেম্বর এ নিবন্ধ প্রকাশ হয়।
গত ২২ সেপ্টেম্বর রিজার্ভের অর্থ চুরির তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু প্রতিবেদন প্রকাশের আগের দিন ২১ সেপ্টেম্বর অর্থমন্ত্রী জানান প্রতিবেদনটি আপাতত প্রকাশ করা হবে না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, চুরি যাওয়া অর্থ ফেরতের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড) থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে আর দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়।
ইকোনমিস্ট-এর নিবন্ধে বলা হয়েছে, চুরি হওয়া অর্থের দেড় কোটি ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের আদালত। এ অর্থ এখনো ঢাকায় ফেরত আসেনি। বাকি অর্থ উদ্ধারেও বাংলাদেশ সরকারের খুব বেশি তৎপরতা চোখে পড়ছে না। যদিও ফিলিপাইনের রাষ্ট্রপতি রডরিগো দুতেরতে চুরি যাওয়া অর্থ উদ্ধারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইকোনমিস্ট আরও বলছে, ঢাকায় গুঞ্জন রয়েছে রিজার্ভের অর্থ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও হ্যাকারদের যোগসাজশ থাকার কারণে তদন্ত প্রতিবেদনটি প্রকাশে বিলম্ব ঘটছে। গত মে মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি বলেছিলেন। যদিও এরপর থেকে অর্থ মন্ত্রণালয় বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট, হ্যাকারসহ বাইরের সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোকে অর্থ চুরির জন্য দায়ী করে আসছে।
ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনার প্রায় এক মাস পর ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারার-এ প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে এটি সম্পর্কে মানুষ জানতে পারে। প্রথমে ধারণা করা হয়, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সুইফট সিস্টেমস হ্যাক করে ঘটনাটি ঘটানো হয়েছিল। যার কারণে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার শারীরিক উপস্থিতির প্রয়োজন হয়নি। যদি সেটিই হতো তাহলে পুরো বিশ্বের অর্থ স্থানান্তর-প্রক্রিয়া নিয়েই প্রশ্ন দেখা দিত বলে ইকোনমিস্ট-এর নিবন্ধে বলা হয়।
ইকোনমিস্ট বলছে, বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সুইফট ব্যবস্থাটি ব্যবহার করে চুরির ঘটনা ঘটাতে হলে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতির প্রয়োজন পড়বে। তাঁদের অনুমোদন ছাড়া সুইফটের মাধ্যমে ‘লেনদেন আদেশ (পেমেন্ট অর্ডার)’ পাঠানো সম্ভব না।
বর্তমানে বিদেশে অবস্থান করায় এ বিষয়ে অর্থমন্ত্রীর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে অর্থমন্ত্রী একাধিকবার বক্তব্য দিয়েছেন। অর্থ প্রতিমন্ত্রীও সংসদে বক্তব্য দিয়েছেন। তাঁদের ওই বক্তব্যের বাইরে এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই।