তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওপর করা প্রতিবেদনটি বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রতিবেদনটি পাওয়া যাবে।
সচিবালয়ে গতকাল রোববার ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।
আইসিএমএবির সভাপতি আরিফ খানের নেতৃত্বাধীন দলে সংস্থার তিন সাবেক সভাপতি এম আবুল কালাম মজুমদার, আবু সাঈদ মো. শায়খুল ইসলাম ও মোহাম্মদ সেলিম, সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, মমতাজ উদ্দিন আহমেদ, সচিব আবদুর রহমান খান, কোষাধ্যক্ষ স্বপন কুমার বালা এবং নির্বাহী পরিচালক মাহ্বুব উল আলম উপস্থিত ছিলেন।
নানা কারণে প্রতিবেদনটি এত দিন প্রকাশ করা সম্ভব হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে থাকলে বাংলাদেশ ব্যাংকই তা জানাবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’
গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়। বিশ্বের অন্যতম সাইবার চুরি হিসেবে পরিচিত এ ঘটনা। ঘটনার জের ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। সরিয়ে দেওয়া হয় দুই ডেপুটি গভর্নরকে।
ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করে।
অর্থমন্ত্রী ওই সময় বলেছিলেন, বাজেটের কারণে তিনি ব্যস্ত এবং বাজেটের পরে প্রতিবেদনটি প্রকাশ করবেন। গত ২১ জুলাই জাতীয় সংসদেও অর্থমন্ত্রী এক বক্তব্যে প্রতিশ্রুতি দেন প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এর মধ্যে একবার প্রতিবেদন প্রকাশে পিছপা হলে অর্থমন্ত্রীর সমালোচনা করে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আগামী শনিবার ১৮ দিনের সফরে বিদেশে যাচ্ছেন অর্থমন্ত্রী। ৮-৯ অক্টোবর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে ১২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা।