আঙুলের ছাপ (বায়োমেট্রিক) জালিয়াতির মাধ্যমে নিবন্ধিত সিমের সঙ্গে মুঠোফোন অপারেটরদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক অপারেটরের কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
জালিয়াতির মাধ্যমে আগে থেকে নিবন্ধন করে রাখা (প্রি-অ্যাক্টিভেটেড) বিপুল পরিমাণ সিম গত সপ্তাহে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে আটক করে পুলিশ। পরে সেগুলো নিবন্ধিত সিম হিসেবে বেশি দামে সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছিল। এর আগে গত ২৮ জুন রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থেকে এয়ারটেলের এক লাখ প্রি-অ্যাক্টিভেটেড সিম ও ২১ ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক লোকজনের মধ্যে একজন ছিলেন এয়ারটেলের কর্মী ও আরেকজন তালিকাভুক্ত পরিবেশক। এ ছাড়া মে মাসে চট্টগ্রাম থেকে সিম জালিয়াতির মাধ্যমে এক গ্রাহকের লেনদেন হিসাব থেকে অর্থ তুলে নেওয়ার দায়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিটিআরসির আইন অনুযায়ী, আগে থেকেই নিবন্ধিত কোনো সিম বাজারে পাওয়া গেলে প্রতি সিমের জন্য সংশ্লিষ্ট অপারেটরকে ৫০ ডলার করে জরিমানার বিধান রয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে আগে থেকে সিম চালু হওয়ার কেনো সুযোগ নেই। কারণ আঙুলের ছাপ মেলার পরই একটি নতুন সিম গ্রাহক কিনতে পারেন।
বিটিআরসির নিজস্ব তদন্তেও সারা দেশে সিম নিবন্ধনে এমন বেশ কিছু জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। গ্রাহকের অসচেতনতার সুযোগ কাজে লাগিয়ে ও অর্থের বিনিময়ে কিছু লোকের আঙুলের ছাপ ব্যবহার করে সিম জালিয়াতির এ সব ঘটনা ঘটছে বলে বিটিআরসির সূত্রে জানা গেছে।
এসব বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সিম জালিয়াতির যে সব ঘটনা সম্প্রতি ধরা পড়েছে সেগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে দেখছি। এসব ঘটনায় মুঠোফোন অপারেটরদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছু সময়ের প্রয়োজন হবে।’
গত বছরের ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ৩১ মে শেষ হওয়া এই কার্যক্রমে নিবন্ধিত সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৮০ লাখ। বিটিআরসির হিসাবে বর্তমানে দেশে চালু থাকা সক্রিয় সিমের সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ।