তদন্তের উদ্যোগে চার কোম্পানির দরে প্রভাব

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রক সংস্থার নিজস্ব তদারকি ব্যবস্থায় (সার্ভিল্যান্স সিস্টেম) ধরা পড়েছে। কোম্পানিগুলো হলো মিথুন নিটিং, সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং ও বঙ্গজ লিমিটেড। এই চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সঠিক কারণ অনুসন্ধানে গত মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তদন্ত কমিটি গঠনের খবরে গতকাল বৃহস্পতিবার উল্লিখিত চার কোম্পানিরই শেয়ারের দরপতন ঘটেছে। দিন শেষে এই চার কোম্পানির প্রতিটি শেয়ারের দাম সর্বনিম্ন সোয়া ৩ থেকে সর্বোচ্চ ৬ দশমিক ৬৬ শতাংশ পর্যন্ত কমেছে।
এদের মধ্যে গতকাল দিন শেষে মিথুন নিটিংয়ের প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে ৪ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা কমেছে।
এ ছাড়া সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং ও বঙ্গজের প্রতিটি শেয়ারের দাম লেনদেন শেষে যথাক্রমে ৬ দশমিক ৬৬ শতাংশ বা ৪২ টাকা ৩০ পয়সা, ৩ দশমিক ২৬ শতাংশ বা দেড় টাকা ও ৩ দশমিক ৩৬ শতাংশ বা ১৬ টাকা ৪০ পয়সা কমেছে।
ডিএসইর তথ্য থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এসব শেয়ারের একটানা মূল্যবৃদ্ধি ঘটেছে। মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে বঙ্গজের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৫০ টাকা। ১৮ আগস্ট ঢাকার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৪০ টাকা। আর সাত কার্যদিবসের ব্যবধানে ২৭ আগস্ট তা বেড়ে দাঁড়ায় ৪৯০ টাকায়।
একইভাবে মাত্র ১২ কার্যদিবসের ব্যবধানে সিভিও পেট্রোকেমিক্যালের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২১৯ টাকা। ৪ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল প্রায় ৪১৬ টাকা। ১২ কার্যদিবসের ব্যবধানে ২৭ আগস্ট তা বেড়ে দাঁড়ায় ৬৩৫ টাকায়।
গত ১১ কার্যদিবসের ব্যবধানে মিথুন নিটিংয়ের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪৮ টাকা। ৫ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮২ টাকা। ২৭ আগস্ট তা বেড়ে দাঁড়ায় প্রায় ১৩০ টাকায়। একইভাবে ১২ কার্যদিবসে তাল্লু স্পিনিংয়ের দাম ১৩ টাকা। চলতি মাসের ৪ আগস্ট কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৩ টাকা, ২৭ আগস্ট তা বেড়ে দাঁড়ায় ৪৬ টাকায়।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসইসির তদন্তের উদ্যোগের ফলে গতকাল কোম্পানি চারটির শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়েছে। এত দিন মূল্যবৃদ্ধির কারণে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের যে আগ্রহ ছিল, তদন্তের খবরে তাতে কিছুটা ভাটা পড়ে।
এদিকে গতকাল ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির দিক থেকে ভালো অবস্থানে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো। বিদ্যুৎ-জ্বালানি খাতের লেনদেন হওয়া সরকারি ছয় প্রতিষ্ঠানের মধ্যে চারটিরই দাম বেড়েছে।
মূল্যবৃদ্ধিতে সরকারি কোম্পানিগুলো এগিয়ে থাকলেও এদিন লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটেছে। কমেছে লেনদেনের পরিমাণও। তবে ডিএসইর দুই সূচকে ছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমলেও ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত অপর সূচক ডিএস৩০ বেড়েছে ১০ পয়েন্ট। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪৯ কোটি টাকা কম।