ভারতের বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) সুবিধা পেতে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মাধ্যমে তদবির (লবিং) করার ঘটনায় নয়াদিল্লিতে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।এখন জানা গেছে, শুধু ওয়ালমার্ট নয়, আরও অন্তত ১৫টি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক ব্যবসাপ্রতিষ্ঠান ভারতের বাজারে প্রবেশের জন্য বা ব্যবসায় সুবিধা নেওয়ার জন্য তদবির করতে কেবল ২০১২ সালেই কোটি কোটি ডলার ব্যয় করেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তদবিরসংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। খবর ইকোনমিক টাইমস-এর।ওয়ালমার্ট ছাড়াও অন্য যেসব প্রতিষ্ঠান এসব তদবির করেছে তাদের মধ্যে রয়েছে: বড় ওষুধ বিক্রেতা ফাইজার, কম্পিউটার প্রস্তুতকারক ডেল ও এইচপি, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কোয়ালকম ও এলকাটেল-লুসেন্ট, আর্থিক প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি ও প্রুডেনশিয়াল ফাইন্যান্সিয়াল। এর সঙ্গে আরও আছে মোটরগাড়ি প্রস্তুতকারক এবং নভোযানশিল্পের সঙ্গে জড়িত একাধিক দল।যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিবেদনে আরও কয়েকটি তদবিরকারী দলের কথাও উল্লেখ রয়েছে। এর মধ্যে আছে: ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভস ইন্টারন্যাশনাল, বিজনেস রাউন্ডটেবল, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, ফাইন্যান্সিয়াল সার্ভিস ফোরাম ইত্যাদি। এ ছাড়া ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান কারগিল ইনকরপোরেশন এবং কোলগেট পালমোলিভও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে তদবিরে অংশ নিয়েছে।ভারতের বাজার উন্মুক্ত করা এবং পণ্যের বিক্রি ও ব্যবসার সম্ভাবনা বাড়ানোসহ সুনির্দিষ্ট কিছু বিষয়ে কংগ্রেসকে দিয়ে তদবির করিয়েছে কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে আছে: বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বোয়িং, এটিঅ্যান্ডটি, স্টারবাকস, লকহিড মার্টিন, এলি লিলি এবং জি ই।কংগ্রেসের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস ফোরাম, বিজনেস রাউন্ডটেবল এবং ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভস ইন্টারন্যাশনাল—এই তিন প্রতিষ্ঠান কর বিষয়ে এবং চলতি বছরের শুরুতে ভারতের জাতীয় সংসদে উপস্থাপিত অর্থবিলের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে তদবির করেছে।এ ছাড়া স্পেকট্রাম লাইসেন্সের বিষয়ে কোয়ালকম, অগ্রাধিকারমূলক বাজারসুবিধা পেতে এলকাটেল-লুসেন্ট, ওষুধের দাম নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত তার কয়েকটি বিষয় ও কয়েকটি পেটেন্ট বাতিলের বিষয়ে ফাইজার তদবির করেছিল।প্রতিবেদন অনুসারে, প্রুডেনশিয়াল ফাইন্যান্সিয়াল তদবিরকাজে ৬০ লাখ ডলার ব্যয় করেছে। মর্গান স্ট্যানলি ব্যয় করেছে ২০ লাখ ডলার। এ ছাড়া ডেল ২০ লাখ ডলার, এইচপি ১৫ লাখ ডলার এবং কারগিল ১০ লাখ ডলার ব্যয় করেছে। এসব তদবির ব্যয়ের বড় অংশই ছিল ভারতের বাজারে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য।