তফসিলভুক্ত হলো মধুমতি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের সমঞ্চতিপত্র পাওয়া নতুন ব্যাংকগুলোর মধ্যে এবার তফসিলভুক্ত হয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড।এ বিষয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের জানানো হয়েছে। এতে করে এখন থেকে এই ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের নিয়ম পরিপালন করতে হবে। মধুমতিসহ আটটি ব্যাংক নতুন করে তালিকাভুক্ত হলো। সমঞ্চতিপত্র পাওয়া ব্যাংকগুলোর মধ্যে এখন শুধু বাকি থাকল এনআরবি গ্লোবাল ব্যাংক। খবর বাসসের।মধুমতি ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন ঢাকার সাংসদ ফজলে নূর তাপস। তবে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে জনৈক হুমায়ুন কবীরের। এর আগে তালিকাভুক্ত হওয়া সাতটি ব্যাংক হলো ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ফার্মার্স ব্যাংক ও এনআরবি ব্যাংক লিমিটেড। এরই মধ্যে এসব ব্যাংক প্রধান কার্যালয়ের কার্যক্রম শুরু করেছে। এগুলোর কোনো কোনোটি শাখা খুলে ব্যবসায়িক কাজও শুরু করেছে।এখন মধুমতি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনার আলোকে প্রস্তুতি এবং এলওআইর শর্তের বিষয়ে প্রধান কার্যালয়ের ওপর পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক। এরপর শাখার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে। শাখা খোলার ক্ষেত্রেও মানতে হবে বেশ কিছু শর্ত, যার অন্যতম হলো শহরে একটি শাখার বিপরীতে গ্রামে একটি শাখা খুলতে হবে। এ ছাড়া একই শহর বা মেট্রোপলিটন এলাকায় এক বছরে একটির বেশি শাখা খোলা যাবে না।