তবু আস্থা 'বিশ্বাসের' ব্যবসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ব্যস্ততম পাইকারি বাজার খাতুনগঞ্জে ট্রাকে ও ঠেলাগাড়িতে মালামাল তুলছেন শ্রমিকেরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামের ব্যস্ততম পাইকারি বাজার খাতুনগঞ্জে ট্রাকে ও ঠেলাগাড়িতে মালামাল তুলছেন শ্রমিকেরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৭ সালের ১৩ নভেম্বর পর্যন্ত এই বাজারে ৩৮টি বড় প্রতারণার ঘটনা ঘটে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হন এক শর বেশি ব্যবসায়ী। পণ্য বিক্রি করে তাঁরা ফেরত পাননি ৭৫৫ কোটি টাকা। ৪২ জন ব্যবসায়ী টাকা না দিয়ে আত্মগোপনে চলে যান। অবশ্য ২০১৫ সালের নভেম্বরের পর থেকে গত দুই বছরে বড় কোনো প্রতারণার ঘটনা ঘটেনি। ছোটখাটো প্রতারণার ঘটনা ঘটলেও এটিকে বড় করে দেখে বিশ্বাসের সম্পর্ক নষ্ট করতে চান না তাঁরা।

খুচরা বাজারের দোকানে বা বড় ডিপার্টমেন্ট স্টোরে (সব ধরনের পণ্য পাওয়া যায় যেসব দোকানে) বেচাকেনা কীভাবে হয়, সেই অভিজ্ঞতা কমবেশি সবার রয়েছে। পণ্য হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে নগদ টাকায় এর দাম শোধ করতে হয়। পাড়া বা গ্রামের দোকানে বাকিতে লেনদেন হয়। কিন্তু আড়তে বা পাইকারি বাজারের বেচাকেনার ধরন একেবারেই আলাদা। কোটি কোটি টাকার বেচাকেনায় তাৎক্ষণিকভাবে দাম পরিশোধ করতে হয় না। পুরো প্রক্রিয়াটাই চলে বিশ্বাস ও আস্থায়।

গত সোমবার দিনভর খাতুনগঞ্জের ‘সাব্বির ট্রেডিং’-এ বসে লেনদেন তদারক করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ছৈয়দ ছগীর আহমদ। বেলা একটার দিকে প্রতিষ্ঠানের এক কর্মচারী তাঁর কক্ষে এসে বললেন, ‘১ হাজার ১৫৫ টাকা দরে (কেজিপ্রতি) এলাচির চালান দিয়ে দিচ্ছি এক পার্টিকে (ক্রেতা)। চেক পাস হবে। আগের লেনদেন ভালো।’ কর্মচারীর কথায় সায় দিয়ে বিক্রির অনুমোদন দিলেন ছগীর আহমেদ।

ক্রেতার ওপর আস্থাকে কেন গুরুত্ব দিচ্ছেন, জানতে চাইলে ছৈয়দ ছগীর আহমদ প্রথম আলোকে বলেন, দরে সমঝোতা হওয়ার পর প্রথম দেখতে হয়, টাকা ফেরত পাওয়া যাবে কি না। কারণ পণ্য বিক্রির সময় ক্রেতা যে চেক দেয়, তা অনেক সময় পাস হয় না। আগে এটুকুও যাচাই-বাছাই করতেন না। আসলে বিশ্বাস না থাকলে ব্যবসা হয় না।

২০১১ সালে খাতুনগঞ্জেরই চৌধুরী অ্যান্ড ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানের পাঁচ ভাই এখানকার ৪৫ ব্যবসায়ীর ১৪৮ কোটি টাকা পাওনা রেখে আত্মগোপনে চলে যান। এরপর ২০১৩ সালের নভেম্বরে ইয়াছির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাহের হোসেন ২৯ ব্যবসায়ীর পাওনা প্রায় ১৫০ কোটি টাকা না দিয়ে গোপনে দেশ ছাড়েন। এসব ঘটনায় মামলাও হয়। কিন্তু বিচার শেষ হয়নি।

ইয়াছির এন্টারপ্রাইজের মতো প্রতিষ্ঠিত ব্যবসায়ীর আত্মগোপনে যাওয়ার পর ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ-অবিশ্বাস বাড়তে থাকে। মূলত এ ঘটনা নাড়া দেয় খাতুনগঞ্জের ব্যবসায়ীদের। পণ্য বেচাকেনায় অনেক বেশি সতর্ক হন ব্যবসায়ীরা।

প্রতারণার ঘটনার কারণ বিশ্লেষণ করে ব্যবসায়ীরা বলছেন, মূলত বেশি লাভের আশায় নিজেদের সক্ষমতার চেয়ে বেশি পণ্য কেনা একটি বড় কারণ। এ ছাড়া যাচাই-বাছাই না করে মুখের কথায় শতকোটি টাকার লেনদেনের কারণে প্রতারণার ঘটনা ঘটে।

গত দুই বছরে প্রতারণার ঘটনা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এখন আর যার-তার কাছে পণ্য বিক্রি করেন না। পুরোপুরি বিশ্বাস করতে না পারলে বাকিতে লেনদেন আগের মতো আর করেন না। ফাটকা ব্যবসায়ীরা এখন আর বাজারে পাত্তা পাচ্ছেন না। সতর্কতা বাড়ায় প্রতারণা কমে এসেছে।

ব্যবসায়ীদের সতর্ক লেনদেনের আরেকটি কারণ জানা গেল খাতুনগঞ্জ ঘুরে। ব্যবসায়ীরা বলেন, তেল-গম ছাড়া আমদানি করা বেশির ভাগ ভোগ্যপণ্যের দর এখন পড়তির দিকে। ফলে এসব পণ্য বেচাকেনায় যুক্ত অনেক ব্যবসায়ী এখন লোকসানের মুখে পড়েছেন। লোকসানের মুখে থাকা কোনো ব্যবসায়ী যাতে উধাও হয়ে না যান, তাই লেনদেনে ঝুঁকি নিতে চাচ্ছেন না কেউ।

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্যের প্রায় ৪০ শতাংশ খাতুনগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মাধ্যমে বেচাকেনা হয়। এখানকার প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান সারা দেশে পণ্য বেচাকেনা করে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রথম আলোকে বলেন, আগে ছোটখাটো ব্যবসায়ীর সংখ্যা ছিল অনেক বেশি। তারা এখন বাজারে নেই। বাজার এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের হাতে চলে এসেছে। তারা পণ্য বিক্রি করছে যাচাই-বাছাই করে। ফলে প্রতারণার ঘটনাও কমেছে।

কখন কত প্রতারণা

ব্যবসায়ীরা জানান, প্রায় ১৪২ বছর আগে খাতুনগঞ্জে ব্যবসা-বাণিজ্যের গোড়াপত্তন হলেও প্রথম প্রতারণার ঘটনা ঘটে ১৯৮৬ সালে। ওই বছর বিভূতি রায় নামের এক ব্যবসায়ী ৬ কোটি টাকা মেরে ভারতে পালিয়ে যান। এরপর থেকে এ ধরনের ঘটনা বাড়তে থাকে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তালিকা অনুযায়ী, ১৯৮৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৬৫টি প্রতারণার ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রতারণার ঘটনা ঘটে ২০০৬ থেকে ২০১৫ সালে। এর মধ্যে ২০১১ সালে ৯টি ঘটনায় ১৭৬ কোটি টাকা প্রতারণার ঘটনা ঘটে। ২০১৩ সালে দুটি ঘটনায় ১৮০ কোটি টাকা বকেয়া রেখে পালিয়ে যান দুই ব্যবসায়ী। ২০১৫ সালে চারটি ঘটনায় ৩৯ কোটি টাকার প্রতারণার শিকার হন ব্যবসায়ীরা। এরপর বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটেনি এ বাজারে।

প্রতারণার ঘটনা ঠেকাতে পণ্য বেচাকেনায় বাইরে থেকে কোনো নিয়মকানুন আরোপের চেয়ে ব্যবসায়ীদের সতর্ক হওয়া বেশি জরুরি বলে মনে করেন চট্টগ্রামের প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান। তিনি প্রথম আলোকে বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা শত বছর ধরে বিশ্বাসের ওপর ভিত্তি করে লেনদেন করে আসছেন। এখানকার ব্যবসায়ীদের সংগঠন দায়বদ্ধ হলে প্রতারণার ঘটনা কমে যাবে। এই সংগঠনের সব ব্যবসায়ী সদস্য যাতে নিয়মের মধ্যে পরিচালিত হয়, সেটি খেয়াল রাখা দরকার।