তবু থাকবে সরকারি আর্থিক প্রতিষ্ঠান!
সরকারের আর্থিক প্রতিষ্ঠানগুলোয় কাজের গতি শ্লথ। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে অনেক সময়। তারপরও মাঠে ‘আমরা আছি’ বোঝাতে সরকার এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে। গতকাল রোববার মাইডাস সেন্টারে আয়োজিত অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান এক অনুষ্ঠানে এ কথা বলেন।
গতকাল ছিল মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের উদ্যোগে মিনিমার্টের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার একটা কিছু করতে গেলেই এক গাদা বই ঘাঁটতে হয়, ২০-২২টি রেগুলেশন বের হয়। সরকারি প্রতিষ্ঠানের গতি শ্লথ। বলে ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। তারপরও “আমরা আছি” বোঝাতে এই প্রতিষ্ঠানগুলো আছে। নইলে মাঠটা ফাঁকা হয়ে যায়।’ তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা সরকারের উদ্দেশ্য নয়। বরং সরকার চায় প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দিতে। প্রতিমন্ত্রী মাইডাসের মিনিমার্ট উদ্যোগেরও প্রশংসা করেন।
মিনিমার্ট আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের একটি উদ্যোগ। মাইডাসের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান বলেন, ‘নারীরা তাঁদের তৈরি করা জিনিস বিক্রি করতে গিয়ে মধ্যস্বত্বভোগীদের শিকার হচ্ছিলেন। আমরা ভাবলাম যদি তাঁদের একটা জায়গা দেওয়া যায়, তাহলে নিজেরাই নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন।’ রোকিয়া আফজাল রহমান জানান, ১২ জন উদ্যোক্তা প্রথমে ধানমন্ডির মিনিমার্টে দোকান নিয়ে কাজ শুরু করেন। যেসব উদ্যোক্তা মাইডাস থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন, তাঁরাই এখন এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিচ্ছেন। ঋণ পরিশোধে কোনো গাফিলতি না করার জন্য তিনি মিনিমার্টের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ব্যবসায় সফল হতে মিনিমার্টের উদ্যোক্তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু এখন তাঁরা নিজেদের অর্জন নিয়ে গর্বিত, তৃপ্ত। উদ্যোক্তাদের একজন নাসরীন রুবা বলেন, গাজীপুরে আট বিঘা জমি কিনে সেখানে নারী উদ্যোক্তাদের টাকায় একটি রিসোর্ট করেছেন। সেটিও খুব ভালো চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম। বক্তৃতা পর্ব শেষে কেক কেটে ২০ বছর পূর্তি উদ্যাপন করে মিনিমার্ট।