তরঙ্গ নিলাম নীতিমালায় পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুজি ও থ্রিজি তরঙ্গ নিলাম নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে নিলাম নীতিমালায় সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংশোধিত নীতিমালাটি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের জারি করা নিলামসংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গের নিলাম সুষ্ঠুভাবে আয়োজনের উদ্দেশে এর নীতিমালায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আর চলতি বছরের ২২ ফেব্রুয়ারি জারি করা আগের নিলাম প্রক্রিয়াটিও বাতিল করা হয়েছে। নতুন নিলামে অংশ নেওয়ার তারিখ ও সংশোধিত নীতিমালা শিগগিরই প্রকাশ করা হবে।
বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত নীতিমালায় থ্রিজি তরঙ্গে মুঠোফোন সেবা দিতে আগ্রহী দুটি নতুন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বর্তমানে থ্রিজি লাইসেন্সধারী পাঁচটি মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান রয়েছে। টুজি লাইসেন্সধারী মুঠোফোন অপারেটর আছে ছয়টি।
বাতিল হওয়া নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়ার শেষ তারিখ ছিল ৫ মে। এই সময়ে সিটিসেল ছাড়া বেসরকারি চার অপারেটরের কেউ-ই নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি। অপারেটরদের অংশ নেওয়া নিশ্চিত করতে এর আগে দুবার তরঙ্গ নিলামের তারিখ পেছায় বিটিআরসি।
চার বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল ভাষ্য—সিমকার্ড প্রতিস্থাপন করসংক্রান্ত মামলার সমাধান, বিদ্যমান টেলিযোগাযোগ বিধিমালার সংস্কার, তরঙ্গ ব্যবহারে নিরপেক্ষতা নিশ্চিত করাসহ ঝুলে থাকা আরও কয়েকটি বিষয়ের সমাধান না হওয়া পর্যন্ত তারা নিলামে অংশ নেবে না। এসব বিষয় সমাধানে চার অপারেটরের মূল প্রতিষ্ঠান দুই দফায় সরকারকে চিঠিও দিয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘তরঙ্গ নিলামের উদ্দেশ্য হলো দেশের মানুষের জন্য উন্নততর টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করা। বর্তমান অপারেটররা যদি তরঙ্গ নিলামে অংশ না নেয়, তাহলে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের অবশ্যই বিকল্প বিবেচনা করতে হবে।’
সংশোধিত নতুন নীতিমালা অনুযায়ী, নতুন নিলাম প্রক্রিয়ায় গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও সিটিসেলের বাইরে ল্যান্ডফোন সেবাদাতা বা পিএসটিএন অপারেটর ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা (বিডাব্লিউএ) প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ থাকবে। এ জন্য ইচ্ছুক প্রতিষ্ঠানকে টেলিযোগাযোগ সেবা দেওয়ার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেশীয় পিএসটিএন বা বিডাব্লিউএ কোনো অপারেটর যদি টুজি বা থ্রিজি লাইসেন্স পায়, তাহলে তার আগের লাইসেন্সটি বাতিল হবে না।
নীতিমালা অনুযায়ী, ১ হাজার ৮০০ মেগাহার্টজের নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা (বর্তমান বাজারদরে)। ২ হাজার ১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি। জিএসএম বা টুজির ক্ষেত্রে বাংলাদেশে অপারেটররা ১ হাজার ৮০০ মেগাহার্টজ ও তৃতীয় প্রজন্মের থ্রিজি নেটওয়ার্কের জন্য ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে।
বিটিআরসির কাছে বর্তমানে ১ হাজার ৮০০ মেগাহার্টজের বাড়তি ১০ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ আছে। অন্যদিকে ২ হাজার ১০০ মেগাহার্টজের বাড়তি ১৫ মেগাহার্টজ তরঙ্গ আছে। ২০১৩ সালের অক্টোবরে থ্রিজির তরঙ্গ নিলামের সময়ও বর্তমান মুঠোফোন অপারেটরদের বাইরে পিএসটিএন ও বিডাব্লিউএ অপারেটরদের অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে ওই নিলামে চার বেসরকারি মোবাইল অপারেটরদের বাইরে আর কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। এ তরঙ্গ নিলাম থেকে সরকারের কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আয় আশা করা হচ্ছে।