তরঙ্গ নিলাম পেছাতে ফের চিঠি
তরঙ্গ নিলাম আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধানে সরকারকে আরেক দফা চিঠি দিয়েছে চার বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। চিঠিতে সিম প্রতিস্থাপন কর-সংক্রান্ত সমস্যার নিরসন না হওয়া পর্যন্ত নিলাম-প্রক্রিয়া প্রয়োজনে পেছানোর অনুরোধ করেছে অপারেটররা। সরকার এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিলে নিলামে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহও চিঠিতে প্রকাশ করেছে চার অপারেটর।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ২২ মার্চ লেখা এ চিঠিতে সই করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, বাংলালিংকের সিইও জিয়াদ শাতারা, রবির সিইও সুপুন বীরাসিংহে ও এয়ারটেল বাংলাদেশের সিইও প্রশান্ত দাস শর্মা। এর আগে ১ মার্চ আসন্ন তরঙ্গ নিলামে অংশ নেওয়ার ব্যাপারে অপারগতা জানিয়ে সরকারকে একটি চিঠি দিয়েছিল এ চার অপারেটর। আগামী ৩০ এপ্রিল এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা।
তরঙ্গ নিলামে চার অপারেটরের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৮ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসের সভাপতিত্বে এতে অংশ নেন চার অপারেটরের সিইও ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সিম প্রতিস্থাপন কর-সংক্রান্ত সমস্যার বিষয়টি বিস্তারিত তুলে ধরে বিটিআরসি চেয়ারম্যান অর্থমন্ত্রীকে একটি চিঠি দেওয়ার পরামর্শ দেন অপারেটরদের। তারই পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীকে এ চিঠি দিল অপারেটররা।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা বিভাগ (এলটিউ) সিম প্রতিস্থাপনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০১২ সাল থেকে মোট ৩ হাজার ১২ কোটি টাকা চার অপারেটরের কাছে দাবি করে আসছে। ২০১৩ সালে থ্রিজি তরঙ্গ নিলামের আগে এ সমস্যাটি সমাধানে সরকার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন করেনি। এ অবস্থায় অপারেটরদের মূল মালিকানা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগের বিষয়টি তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, সমাধান না করা হলে নতুন বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে কঠিন।
চিঠিতে আরও বলা হয়েছে, সমস্যাটি সমাধানে এনবিআর, বিটিআরসি ও অপারেটরদের সমন্বয়ে ‘সিম রিপ্লেসমেন্ট রিভিউ কমিটি’ নামে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেটি সব পক্ষই মেনে নেয়। এরপর ওই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত অমান্য করে অনেকটা একতরফাভাবে এলটিউ ৩ হাজার ১২ কোটি টাকা জরিমানা আদায়ের নিদ্ধান্ত দেয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে অপারেটরদের পক্ষে হাইকোর্টে রিটও করা হয়েছে।
এলটিউর দাবি অনুযায়ী, গ্রামীণফোনের কাছে এনবিআরের পাওনার পরিমাণ ১ হাজার ৫৬২ কোটি টাকা। বাংলালিংকের কাছে প্রতিষ্ঠানটির ৭৬২ কোটি টাকা, রবির কাছে ৬৪৭ কোটি টাকা ও এয়ারটেলের কাছে ৩৮ কোটি ৭৯ লাখ টাকা পাওনা রয়েছে।
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে অপারেটরদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ চিঠিতে তুলে ধরে বলা হয়েছে, মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে ও সরকারের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন করতে হলে অপারেটরদের বাড়তি তরঙ্গ দরকার। আবার মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো ও দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতেও তরঙ্গের প্রযোজনীয়তা অপরিহার্য।
বিটিআরসি ৩০ এপ্রিল টুজি ও থ্রিজির তরঙ্গ নিলাম আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অংশ নিতে চার অপারেটরের আগ্রহের কথাও চিঠিতে প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে করবিষয়ক যাবতীয় অনিশ্চয়তা দূর করার আহ্বান জানানো হয়েছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত প্রয়োজনে নিলাম-প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অনুরোধও চিঠিতে করা হয়েছে।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য অর্থমন্ত্রীর সঙ্গে আগ্রহের কথা প্রকাশ করে চিঠিতে বলা হয়েছে, সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর পদক্ষেপ দেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পথ (এফডিআই) সুগম করবে। অর্থ মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে জানার জন্য যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বিদেশ সফরে থাকায় এ বিষয়ে তাঁর মন্তব্যও জানা সম্ভব হয়নি।