সরকারের ডাকা নতুন তরঙ্গ নিলামে অংশ নেবে না মুঠোফোন অপারেটররা। দেশের শীর্ষ চারটি অপারেটরের মালিকানা প্রতিষ্ঠান একযোগে একটি চিঠির মাধ্যমে সরকারকে বিষয়টি জানিয়েছে। নিলামে তরঙ্গ বিক্রি না হলে সরকার কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।
দেশের চার মুঠোফোন অপারেটরের প্রধান অংশীদার গ্রামীণফোনের পক্ষে টেলিনর, বাংলালিংকের পক্ষে ভিম্পেলকম, রবির পক্ষে আজিয়াটা গ্রুপ বারহাদ ও এয়ারটেল বাংলাদেশের পক্ষে ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহীর স্বাক্ষর করা এ-সংক্রান্ত একটি চিঠি গত ১ মার্চ সরকারকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ঝুলে থাকা সমস্যার সমাধান না করা হলে আগামী ৩০ এপ্রিলের তরঙ্গ নিলামে তাদের এ দেশীয় অপারেটররা অংশ নেবে না। এ চিঠিতে সই করেছেন টেলিনরের প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস, আজিয়াটা গ্রুপ বারহাদের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও দাতো শ্রি জামালউদ্দিন ইব্রাহিম, ভিম্পেলকমের সিইও জো লানডার, ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল।
চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ নিলামের সময় সরকারের পক্ষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কয়েকটি সমস্যা সমাধানে অপারেটরদের প্রতিশ্রুতি দিয়েছিল। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সিমকার্ড প্রতিস্থাপন কর-সংক্রান্ত মামলার সমাধান, নিলামে বিক্রি হওয়া তরঙ্গমূল্যের ওপর ধার্য করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার, বিদ্যমান টেলিযোগাযোগ আইন সংস্কার, তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত করা, কর কাঠামোর সংস্কার প্রভৃতি। উল্লিখিত সমস্যাগুলোর একটিও এখন পর্যন্ত সমাধান করা হয়নি। তাই তরঙ্গ নিলামে অংশ নিয়ে নতুন করে বিনিয়োগে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া কঠিন।
চিঠিতে সিম প্রতিস্থাপন কর-সংক্রান্ত বিষয়টি সমাধান না হওয়াকে বিশেষভাবে উল্লেখ করে এটি সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করেছে মূল কোম্পানিগুলো। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিম প্রতিস্থাপনে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ২০১২ সাল থেকে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থ মুঠোফোন অপারেটরদের কাছে দাবি করে আসছে। সেটি ১ হাজার কোটি টাকা কমিয়ে গত বছরের নভেম্বর মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআরকে ২ হাজার কোটি টাকা আদায়ের নির্দেশনা দেন।
এ বিষয়টি সমাধানে চিঠিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে অপারেটরদের পক্ষ থেকে।
এনবিআরের প্রতিবেদন অনুযায়ী গ্রামীণফোনের কাছে তাদের পাওনার পরিমাণ ১ হাজার ৫৬২ কোটি টাকা। বাংলালিংকের কাছে প্রতিষ্ঠানটির পাওনা ৭৬২ কোটি টাকা, রবির কাছে পাওনা ৬৪৭ কোটি টাকা ও এয়ারটেলের কাছে ৩৮ কোটি ৭৯ লাখ টাকা পাওনা রয়েছে।
নিলামের মাধ্যমে বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ বা স্পেকট্রাম মুঠোফোন অপারেটরদের কাছে বিক্রি করবে বিটিআরসি। আগামী ৩০ এপ্রিল এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। নিলাম অনুষ্ঠানের নীতিমালা ইতিমধ্যেই চূড়ান্ত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
নীতিমালা অনুযায়ী, ১ হাজার ৮০০ মেগাহার্টজের জন্য নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে তিন কোটি মার্কিন ডলার বা ২৩২ কোটি টাকা (বর্তমান বাজারদরে)। ২ হাজার ১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ১৭০ কোটি টাকা ধরা হয়েছে। জিএসএম বা টুজির ক্ষেত্রে বাংলাদেশে অপারেটররা ১ হাজার ৮০০ মেগাহার্টজ ও তৃতীয় প্রজন্মের থ্রিজি নেটওয়ার্কের জন্য ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে। টুজির ১০ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ ও থ্রিজির জন্য ১০ মেগাহার্টজ তরঙ্গ এ নিলামে বিক্রি হওয়ার কথা। ভিত্তিমূল্যে যদি এ তরঙ্গ বিক্রি হয়, তাহলে সরকারের রাজস্ব আয় হবে পাঁচ হাজার কোটি টাকা।
মুঠোফোন অপারেটররা স্পেকট্রাম ব্যবহারে স্বাধীনতার বিষয়টি অনেক দিন থেকেই বিটিআরসির কাছে দাবি করে আসছে। বর্তমানে শুধু ২ হাজার ১০০ মেগাহার্টজের মাধ্যমে থ্রিজি সেবা দিতে পারে অপারেটররা। আর ৯০০ ও ১৮০০ মেগাহার্টজে টুজি সেবা দেওয়া যায়। সব স্পেকট্রামে টুজি ও থ্রিজি সেবা দেওয়ার অনুমতি পেলে গ্রামাঞ্চলে সেবার মান বাড়ার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও ভয়েস কল সেবা দেওয়া সম্ভব বলে দাবি অপারেটরদের।
টেলিযোগাযোগ খাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পথনকশা না হওয়ার বিষয়টিরও সমাধান চায় অপারেটররা। এ জন্য বিদ্যমান টেলিযোগাযোগ আইন সংস্কার করে যুগোপযোগী করার কথা বলছে অপারেটররা।
অপারেটরদের সঙ্গে যোগাযোগ করা হলে চার অপারেটরই একযোগে সরকারকে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। বাংলালিংকের সরকারি সম্পর্ক ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক তাইমুর রাহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মূল প্রতিষ্ঠান অন্যান্য অপারেটরের মূল প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে একটি চিঠি সরকারকে দিয়েছে। চিঠিতে বক্তব্য খুবই পরিষ্কার করে বলা হয়েছে। এ বিষয়ে আমাদের আর আলাদা কোনো বক্তব্য নেই।’
বিষয়টি সম্পর্কে জানতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি। বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিদেশ সফরে থাকায় তাঁর বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।