তরঙ্গ বরাদ্দে বাজার সমতা চায় বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে বাজার সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক।
গ্রাহকসংখ্যার দিক থেকে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা অপারেটরটি বলছে, রবি-এয়ারটেল একীভূত হলে তাদের সম্মিলিত তরঙ্গের তুলনায় বাংলালিংকের তরঙ্গ হবে অর্ধেক। এটি মোবাইল অপারেটরদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি করবে।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে তাদের ৩ কোটি ৮০ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য তরঙ্গ থাকবে প্রায় ৪০ মেগাহার্টজ। আর ৩ কোটি ৩০ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য বাংলালিংকের তরঙ্গ রয়েছে ২০ মেগাহার্টজ। একইভাবে ৫ কোটি ৬৪ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য গ্রামীণফোনের হাতে থাকা ৩২ দশমিক ৮ মেগাহার্টজ তরঙ্গ যে একীভূত অপারেটরের তুলনায় কম, সেটিও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
গ্রাহকসেবা নিশ্চিতে তরঙ্গের গুরুত্ব তুলে ধরেছে বাংলালিংক। চিঠিতে প্রতিষ্ঠানটি বলেছে, তরঙ্গ বরাদ্দে অপারেটরদের মধ্যে সমতা নিশ্চিত না করা হলে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হবে। এ জন্য যত দ্রুত সম্ভব ন্যায্য দামে নিলামের মাধ্যমে নতুন তরঙ্গ বরাদ্দ দিতে কমিশনকে অনুরোধ জানিয়েছে বাংলালিংক।
রবি-এয়ারটেল একীভূত হলে টেলিযোগাযোগ খাতে আয়ের ক্ষেত্রেও অসমতা দেখা দেবে বলে মনে করে বাংলালিংক। এ ব্যাপারে চিঠিতে বলা হয়েছে, আয়ের দিক থেকে বাজারের ৭১ শতাংশ শীর্ষ দুটি অপারেটরের হাতে চলে যাবে। আর বাংলালিংকের হাতে থাকবে মাত্র ২১ শতাংশ। এ জন্য বাজার নিয়ন্ত্রণে ‘সিগনিফ্যান্ট মার্কেট পাওয়ার’ (এসএমপি) নীতিমালা চালুর বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেছে বাংলালিংক। গ্রাহকসংখ্যায় দ্বিতীয় স্থানে থাকলেও আয়ের দিক দিয়ে এখন বাজারে তৃতীয় স্থানে আছে অপারেটরটি।
তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে সমতা নিশ্চিত হওয়ার পরই প্রযুক্তি নিরপেক্ষতার বিষয়টি বিবেচনা করতেও চিঠিতে বলা হয়েছে। রবি ও এয়ারটেলকে আলাদাভাবে যে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে, টেলিযোগাযোগ আইন অনুযায়ী একীভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কীভাবে ব্যবহৃত হবে, সে বিষয়েও বিটিআরসির কাছে জানতে চেয়েছে বাংলালিংক।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, বাজারকে আরও প্রতিযোগিতামূলক এবং গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করেই এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।
রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার আবেদনের বিভিন্ন দিক এখন পরীক্ষা-নিরীক্ষা করছে বিটিআরসি। এ জন্য দেশের দুটি বিশ্ববিদ্যালয়কে দিয়ে গ্রাহক জরিপ করছে নিয়ন্ত্রক সংস্থাটি। আর এ বিষয়ে একটি গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।