ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে সজীব ওয়াজেদ
তরঙ্গ ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষতা দেওয়া হবে
তরঙ্গ ব্যবহারে প্রযুক্তি নিরপেক্ষতা দেবে সরকার। এ জন্য জাতীয় টেলিযোগাযোগ নীতিমালায় বিষয়টির প্রয়োজনীয় সংশোধনী আনতে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর পাশাপাশি অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পূর্ণ বন্ধ, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সরকারের বকেয়া আদায়ে আরও তৎপর হতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে যান সজীব ওয়াজেদ জয়। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতে তাঁকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাজের ওপর একটি উপস্থাপনা দেখানো হয়। তিনিও আগে দেওয়া বিভিন্ন নির্দেশনার বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান।
বৈঠক সূত্র জানায়, অবৈধ ভিওআইপি বন্ধে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কারিগরি কমিটি গঠন এবং অবৈধ কল চিহ্নিত করতে অত্যাধুনিক যন্ত্র আনার সিদ্ধান্ত হয়েছে। ওই কমিটি র্যা ব-পুলিশের সহায়তা নিয়ে তথ্যপ্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিমন্ত্রী ছাড়াও এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শওকত মোস্তফা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশে টুজি, থ্রিজির মতো সেবা দিতে ৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজের মতো নির্দিষ্ট ব্যান্ডের তরঙ্গ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। প্রযুক্তি নিরপেক্ষতা দেওয়া হলে তরঙ্গ ব্যবহারে এ বাধা আর থাকবে না। এ সুবিধা পাওয়ার জন্য অনেক দিন ধরেই সরকারকে অনুরোধ করে আসছে মোবাইল অপারেটররা। তবে প্রযুক্তি নিরপেক্ষতা আগামী বছরের ৭০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের আগে না পরে দেওয়া হবে সেটি জানা যায়নি।
অবৈধ ভিওআইপি ব্যবসা সম্পর্কে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘অবৈধ ভিওআইপি ব্যবসা অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি আমরা। আমার উদ্দেশ্য এটা সম্পূর্ণ বন্ধ করা।’ এর আগে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করতে আন্তর্জাতিক কলরেট কমানোর কথা উল্লেখ করেন তিনি।
প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন সজীব ওয়াজেদ জয়। থ্রিজি ও ফোরজির নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব প্রসঙ্গে জয় বলেন, আগে সম্প্রসারণ করে পরে বাজার নিয়ে ভাবতে হবে। বিটিআরসি, বিটিসিএলসহ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বিভিন্ন পক্ষকে বকেয়া আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সজীব ওয়াজেদ।
উপদেষ্টার এ নির্দেশ সম্পর্কে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, ‘বকেয়া আদায়ে দল, ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি এসব কোনো কিছুই দেখা হবে না।’ ক্ষমতাসীন দলের বিভিন্ন ব্যক্তির কাছে পাওনা আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁদেরও কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান প্রতিমন্ত্রী।
রাজনৈতিক প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়াও অন্য অনেক প্রতিষ্ঠানের কাছে সরকারের পাঁচ হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে। এর মধ্যে লাইসেন্স বাতিল হওয়া ছয় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের কাছে বকেয়া রয়েছে ৬৩১ কোটি টাকা।
আদালতের স্থগিতাদেশের সুবিধা নিয়ে যাতে কোনো প্রতিষ্ঠান সরকারের বকেয়া ঝুলিয়ে রাখতে না পারে, সে জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তারানা হালিম।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) বা নম্বর পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তনের সুযোগ, মোবাইল টাওয়ার ভাগাভাগি করে ব্যবহার করার নির্দেশনাগুলোও দ্রুত বাস্তবায়ন করার ব্যাপারে তাগিদ দেন সজীব ওয়াজেদ জয়।