তরঙ্গের জন্য গুনতে হবে ৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি ও এয়ারটেলের টুজি তরঙ্গ একীভূত করার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অপারেটর দুটির একীভূত হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সার-সংক্ষেপ প্রতিবেদনে এ বিষয়টি যুক্ত করা হয়েছে। সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পেলে একীভূত কোম্পানিকে টুজি তরঙ্গের ফি হিসেবে ৫০০ কোটি টাকার বেশি শোধ করতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে এক হাজার ৮০০ মেগাহার্টজ অর্থাৎ টুজি ব্যান্ডে ১৫ মেগাহার্টজ কিনতে এয়ারটেলের খরচ হয় ৫০ লাখ ডলার বা ৩৫০ কোটি টাকা। ১৫ বছরের জন্য বরাদ্দ পাওয়া এ তরঙ্গের জন্য মেগাহার্টজ প্রতি এয়ারটেলের খরচ হয় ১ কোটি ৫১ লাখ টাকা। অন্যদিকে ২০১১ সালে টুজি তরঙ্গের লাইসেন্স নবায়নের সময় প্রতি মেগাহার্টজ তরঙ্গের বাজারমূল্য ছিল ১০ কোটি টাকা। অর্থাৎ প্রতি মেগাহার্টজ টুজি তরঙ্গের জন্য রবিকে বেশি দিতে হয় ৮ কোটি ৪৯ লাখ টাকা। একই তরঙ্গ ব্যবহার করলেও অর্থের তারতম্যের এ বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করে তা সমন্বয় করার সুপারিশ করা হয়েছে।

এয়ারটেলের টুজি লাইসেন্সের মেয়াদ আছে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। সে হিসেবে এয়ারটেলের টুজি তরঙ্গ এখন রবির সঙ্গে একীভূত করতে হলে ৮ কোটি ৪৯ লাখ টাকা হিসেবে ১৫ মেগাহার্টজ তরঙ্গের জন্য একীভূত কোম্পানিকে দিতে হবে ৫৭৩ কোটি টাকা।

টুজি তরঙ্গের জন্য বাড়তি অর্থ আদায়ের সুপারিশ করা হলেও থ্রিজি তরঙ্গ একীভূতকরণে এমন কোনো শর্ত যোগ করা হয়নি। ২০১৩ সালে থ্রিজি তরঙ্গ নিলামে আলাদা করে ৫ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে রবি ও এয়ারটেল।

একীভূতকরণের এ সার-সংক্ষেপে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও সচিব ফয়জুর রহমান চৌধুরীর স্বাক্ষর রয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে জানতে তারানা হালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে একীভূতকরণের বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে সরকারকে আগামী ২ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আদালত। ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার জন্য গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি-এয়ারটেল।