দেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু করতে বিভিন্ন ব্যান্ডের তরঙ্গের দাম ঠিক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মুঠোফোন অপারেটররা বলছে, তরঙ্গের যে দাম ধরা হয়েছে তা অনেক বেশি। এত টাকা দিয়ে তরঙ্গ কিনে ফোরজিতে বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া তাদের জন্য কঠিন। এর ফলে চাইলেও গ্রাহকদের কম দামে ফোরজি প্রযুক্তির সেবা দেওয়া সম্ভব না।
তরঙ্গের অতিরিক্ত দামের বিষয়টি উল্লেখ করে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে যৌথভাবে একটি চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, ফোরজি চালুর জন্য বেশি দামে শুধু তরঙ্গ কেনাই যথেষ্ট নয়। এর সঙ্গে আছে অবকাঠামো নির্মাণের খরচ। সবকিছু মিলিয়ে ফোরজিতে এখন নতুন বিনিয়োগ করা অর্থনৈতিকভাবে লাভজনক নয়।
যৌথ এ চিঠিতে সই করেছেন টেলিনর গ্রুপের এশিয়া অঞ্চলের প্রধান পেটার ফারবার্গ, আজিয়াটা গ্রুপ বারহাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী হানস জয়সুরিয়া ও ভিওনের ইমার্জিং মার্কেটসের প্রধান জন এডি। গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো টেলিনর। আজিয়াটা গ্রুপ বারহাদ আর ভিওন হলো যথাক্রমে রবি ও বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদকে একই চিঠি দিয়েছে তিন অপারেটর।
বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে তিনটি আলাদা ব্যান্ডের তরঙ্গের দাম ঠিক করা হয়েছে। এতে ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম নির্ধারণ করা হয়েছে ২১৬ কোটি টাকা। এ ছাড়া ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২২৪ কোটি টাকা ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের দাম ধরা হয়েছে ২৪৪ কোটি টাকা। তরঙ্গের এ মূল্যের চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছে বিটিআরসি।
যৌথ চিঠিতে বিভিন্ন তরঙ্গের দাম মেগাহার্টজ প্রতি সর্বোচ্চ ২ কোটি ডলার বা ১৬০ কোটি হওয়া উচিত বলে মতামত দিয়েছে তিন অপারেটর। এ বিষয়ে ভারত ও আফ্রিকার কয়েকটি দেশের দৃষ্টান্ত তুলে ধরে বলা হয়েছে, অতিরিক্ত দামের কারণে এসব দেশে প্রচুর তরঙ্গ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তরঙ্গ বিক্রি না হওয়ায় একদিকে সরকার রাজস্ব পাচ্ছে না, অন্যদিকে যথেষ্ট তরঙ্গের অভাবে সেবার মান ব্যাহত। বিটিআরসির হিসাবে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ব্যান্ডের ১৪৮ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার হচ্ছে না। বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের জন্য মোট ৩০০ মেগাহার্টজ তরঙ্গ আছে।
জানতে চাইলে, বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, তরঙ্গ মূল্যবান জাতীয় সম্পদ। এটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নিলামের মাধ্যমে যত বেশি সম্ভব তরঙ্গ বিটিআরসি বিক্রি করতে চায়। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, প্রযুক্তিনিরপেক্ষতার সুবিধা যোগ করে বিভিন্ন ব্যান্ডের তরঙ্গের দাম নির্ধারণ করা হয়েছে।
প্রযুক্তি নিরপেক্ষতা হলো যেকোনো তরঙ্গে যেকোনো প্রজন্মের টেলিযোগাযোগ সেবা দেওয়ার সুবিধা। বাংলাদেশে মুঠোফোন অপারেটররা বর্তমানে দ্বিতীয় (টুজি) ও তৃতীয় (থ্রিজি) প্রজন্মের সেবার জন্য তিনটি আলাদা ব্যান্ডের তরঙ্গ ব্যবহার করে। এই তিনটি ব্যান্ড হলো ৯০০, ১৮০০ ও ২১০০ মেগাহার্টজ। প্রযুক্তিনিরপেক্ষতা পেলে এ তিনটি ব্যান্ডের তরঙ্গ দিয়েই টুজি, থ্রিজি ও ফোরজি সেবা দিতে পারবে মুঠোফোন অপারেটররা।
মুঠোফোন অপারেটররা বলছে, তাদের মাধ্যমেই মূলত ফোরজি সেবা চালু হবে। কিন্তু কোনো আলোচনা না করেই বিভিন্ন ব্যান্ডের তরঙ্গের দাম ও ফোরজি নীতিমালা ঠিক করা হয়েছে। ফোরজি চালুর জন্য তরঙ্গের দাম ও অন্যান্য বিষয়ে অপারেটরদের সঙ্গে উন্মুক্ত আলোচনার আয়োজন করা যেতে পারে।