প্রতি মেগাহার্টজের মূল্য আড়াই কোটি ডলার, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি
তরঙ্গের নতুন মূল্য নির্ধারণ
টুজি ও থ্রিজি তরঙ্গের নিলাম মূল্য পরিবর্তনের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ২০০ কোটি টাকা।
নতুন কোনো প্রতিষ্ঠান এই তরঙ্গ নিলামে অংশ নিতে আগ্রহী হলে তাদের লাইসেন্স ফিসহ অন্যান্য ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে চিঠিতে। নতুন প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স অ্যাকুইজিশন ফি ধরা হয়েছে ১০ কোটি ডলার। আর লাইসেন্সের বার্ষিক নবায়ন ফি ধরা হয়েছে ৫ কোটি ডলার।
১ হাজার ৮০০ মেগাহার্টজ (টুজি) ব্যান্ডে দুটি ব্লকে ১০ দশমিক ৬ মেগাহার্টজ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ (থ্রিজি) ব্যান্ডে তিনটি ব্লকে ১৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামের মাধ্যমে বিক্রির জন্য গত বছর উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তখন টুজি ব্যান্ডের প্রতি মেগাহার্টজ তরঙ্গের মূল্য ৩ কোটি ডলার আর থ্রিজি ব্যান্ডের প্রতি মেগাহার্টজের তরঙ্গ মূল্য ২ কোটি ২০ লাখ ডলার ধরা হয়েছিল। বাংলাদেশে দ্বিতীয় প্রজন্মের (টুজি) ক্ষেত্রে অপারেটররা ১ হাজার ৮০০ মেগাহার্টজ ও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) ক্ষেত্রে ২ হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করে।
গত বছরের ৩০ এপ্রিল তরঙ্গ নিলামের তারিখ নির্ধারণ করা হয়। তবে ওই নিলামে মুঠোফোন অপারেটররা অংশ নিতে আপত্তি জানালে নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় বিটিআরসি। এরপর দুবার তারিখ পেছানোর পরও অপারেটরদের অনাগ্রহে নিলাম-প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এরপর নিলাম-প্রক্রিয়া সংশোধনের উদ্যোগ নেয় বিটিআরসি।
সংশোধিত এ নীতিমালা অনুমোদনের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থ্রিজি তরঙ্গের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ ডলার থেকে বাড়িয়ে ৩ কোটি ডলার নির্ধারণের পরামর্শ দেয়। এ প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করে বিটিআরসি তখন থ্রিজি ও টুজি দুই ধরনের তরঙ্গেরই ভিত্তিমূল্য ২ কোটি ৫০ লাখ ডলার নির্ধারণের প্রস্তাব দেয়।
তরঙ্গ মূল্য পুনর্নির্ধারণের যুক্তি হিসেবে বিটিআরসি বলে, উচ্চমূল্যের কারণে মোবাইল অপারেটররা যেখানে নিলামে অংশ নিতেই আগ্রহ দেখাচ্ছে না, সেখানে আরও দাম বাড়ানো যুক্তিযুক্ত হবে না।
তরঙ্গ মূল্য নির্ধারণের সঙ্গে যেহেতু সরকারের আয়ের দিকটি সম্পর্কিত, তাই যেকোনো ধরনের মূল্য পরিবর্তনের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে অনুমোদন নিতে হয়। সে জন্যই পরিবর্তিত তরঙ্গ মূল্য অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
এদিকে তরঙ্গ নিলামে অংশ নিতে সিম প্রতিস্থাপন কর-সংক্রান্ত ঝামেলাসহ নিলামে বিক্রি হওয়া তরঙ্গের মূল্যের ওপর ধার্য করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার, তরঙ্গ ব্যবহারে স্বাধীনতা নিশ্চিত করা, কর কাঠামোর সংস্কারের মতো কয়েকটি দাবি জানিয়ে আসছে মোবাইল অপারেটররা। এ ছাড়া সাম্প্রতিক সময়ে রবি আজিয়াটা ও এয়ারটেল বাংলাদেশ একীভূত হওয়ার উদ্যোগ সফল হলে তাদের থ্রিজি ও টুজি তরঙ্গের চাহিদার অনেকটাই পূরণ হয়ে যাবে। এতে অপারেটর দুটি প্রস্তাবিত এ নিলামে অংশ নেবে না বলেই খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে থ্রিজি তরঙ্গ নিলাম করে বিটিআরসির আয় হয়েছিল ৫২ কোটি ৫০ লাখ ডলার বা ৪ হাজার ২০০ কোটি টাকা।