তরুণ উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ চান
স্বল্প সুদে ঋণ ও বাজেট সহায়তা চান তরুণ উদ্যোক্তারা। তাঁদের আগ্রহ তথ্যপ্রযুক্তি, ই-কমার্স ও ফ্যাশন ডিজাইনে। সরকারের পক্ষ থেকে তরুণদের আলাদা বাজেট প্রণয়নও তাঁদের দাবি।
এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘তরুণ উদ্যোক্তাদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব দাবি উঠে আসে। সেমিনারে তরুণ বলতে ১৮ থেকে ৪০ বছর বয়সীদের বোঝানো হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের ও সাবেক প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সভাপতি শাখাওয়াত হোসেন মামুন প্রমুখ। সেমিনার পরিচালনা করেন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমজাদ হোসেন।
প্রবন্ধে বাজেট প্রণয়ন-প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনা এবং আর্থিক খাত সংস্কার ও কয়েকটি কমিশন গঠনের সুপারিশ করা হয়। গত ফেব্রুয়ারিতে সিপিডি ‘ভবিষ্যৎ নেতাদের সঙ্গে কথোপকথন’ শীর্ষক যে সংলাপের আয়োজন করেছিল, তার সুপারিশগুলোও গতকাল তুলে ধরেন তৌফিকুল ইসলাম খান। এর মধ্যে রয়েছে তরুণদের জন্য বাজেট সহায়তা, আলাদা নীতি প্রণয়ন, সুদের হার কমানো ইত্যাদি।
দেশের অনেক উন্নয়ন হওয়া সত্ত্বেও প্রবন্ধ উপস্থাপনে সেগুলোর ব্যাপারে কৃপণতা দেখানো হয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেকের চোখেই বাংলাদেশ এখন উন্নয়ন প্যারাডক্স এবং এই প্যারাডক্সকে আরও বড় করতে তরুণদের প্রতিই তিনি ভরসা রাখতে চান।
মূসক প্রসঙ্গ: তরুণ উদ্যোক্তাদের বাজেট ভাবনা নিয়ে সেমিনার হলেও ব্যবসায়ীদের বেশির ভাগ বক্তব্যই ছিল নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে। আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হওয়ার কথা।
এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন বলেন, ১৫ শতাংশ মূসক আরোপ করলে অর্থনীতি তা সইতে পারবে বলে তাঁর মনে হয় না।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুস সালাম বলেন, ‘কর দিতে রাজি, কিন্তু হয়রানি সইব না। মূসক নিয়ে এত দুশ্চিন্তায় আছি যে, উচ্চ রক্তচাপের বড়ি খেতে হচ্ছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পরে আলোচিত মূসক নিয়ে সবচেয়ে বেশি ওয়াকিবহাল বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী যেহেতু কথা দিয়েছেন, আশা করি কিছু একটা ফল পাবেন।’