তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতায় শীর্ষে আইবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে একটি হোটেলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা’র ফাইনাল। বিশ্বের স্থানীয় ব্যাংক হিসেবে পরিচিত দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) এই প্রতিযোগিতার আয়োজন করে।গতকাল অনুষ্ঠিত ফাইনালে প্রথম বা স্বর্ণপদক বিজয়ী দলটি হলো ফায়ার ফ্লাইস। দ্বিতীয় বা সিলভার বিজয়ী দলটি হলো কনসেপ্ট ক্রু এবং তৃতীয় বা ব্রোঞ্জ পদক জিতেছে ফোর সাইট। তিনটি দলের সদস্যরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী।কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ‘তরুণ উদ্যোক্তা’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে ব্যাংকটি। বাংলাদেশের বিজয়ী শীর্ষ দলটি পরবর্তী সময়ে বিশ্বের অন্যান্য দেশের বিজয়ী দলের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার স্বর্ণপদক বিজয়ী ফায়ার ফ্লাইস দলটি এ বছর হংকংয়ে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাতে বাংলাদেশের বিজয়ী দলকে ব্রুনেই, হংকং, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও সাংহাইয়ের বিজয়ী দলগুলোর সঙ্গে লড়তে হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।গতকালের প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়। প্রতিটি দল আলাদাভাবে তাদের নতুন নতুন ব্যবসা-বাণিজ্যের ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করে। সে সঙ্গে তুলে ধরা হয় ওই সব বাণিজ্যের সম্ভাবনা ও বাস্তবায়নের নানা দিক।প্রতিযোগিতার ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে গতকাল এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডু টিল্ক বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে এ দেশের প্রতিভাবান তরুণদের সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা তুলে ধরতেই আমাদের এই আয়োজন।’ ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডস গ্রুপের চেয়ারম্যান কায়সার রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, রহিমআফরোজ গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান আরিফ শাহরিয়ার, ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর বাণিজ্য সম্পাদক অরুণ দেবনাথ, এইচএসবিসি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা আহমেদ সাইফুল ইসলাম, আইন বিভাগের প্রধান আবদুল্লাহ এ মামুন ও যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার।