বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে ব্যবসায়িক ধারণা উপস্থাপনে ফিনল্যান্ডের হেলসিঙ্কি যাচ্ছে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের তিনটি দল।
দেশে গ্রামীণফোনের হোয়াইট বোর্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত স্লাশ গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাকসেলেরেটরের (জিআইএ) মাধ্যমে এ সুযোগ পেয়েছে তারা। ৩৭টি দলের মধ্যে বিজয়ী নির্বাচিত হয়ে হেলসিঙ্কি যাওয়ার সুযোগ পেল এ তিন দল।
গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্লাশ জিআইএ হলো ইউরোপের শীর্ষস্থানীয় স্টার্টআপ ও প্রযুক্তিবিষয়ক কর্মসূচি। একেকটি দেশ থেকে শীর্ষ তিনটি দল এতে নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপনের সুযোগ পায়।
বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া তিনটি স্টার্টআপ বা তরুণ উদ্যোক্তা দল হচ্ছে সার্জ ইঞ্জিনিয়ারিং (বহনযোগ্য বায়োগ্যাস প্ল্যান্ট), বিনো (শিক্ষার জন্য ভার্চ্যুয়াল অ্যানিমেশন) এবং জলপাই (গ্যাস নিঃসরণ খোঁজার আইওটি ডিভাইস)।
গ্রামীণফোন জানায়, বাংলাদেশে এ বছর ১১৩টি স্টার্টআপ তাদের ব্যবসায়িক ধারণা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। গত ২৯ জুলাই স্টার্টআপগুলোর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়; যেখান থেকে ৩৭টি পরবর্তী ধারণা উপস্থাপনের জন্য মনোনীত হয়। এরপর ৫ আগস্ট বিশেষজ্ঞদের সামনে ব্যবসায়িক ধারণা উপস্থাপন পর্ব অনুষ্ঠিত হয়। তা থেকে তিনটি স্টার্টআপ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রধান অতিথি এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।