দেশের তরুণ পেশাজীবীরা এমন এক প্ল্যাটফর্ম বা সংগঠন ও নেটওয়ার্ক চান যেখানে তাঁরা নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন, আর তাঁদের কথাগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছাবে। এ ধরনের উদ্যোগ ব্যবসা বৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘ভবিষ্যৎ নেতাদের সঙ্গে কথোপকথন’ শীর্ষক এক আলোচনা সভায় তরুণ পেশাজীবীদের এই চাওয়াটা উঠে আসে। ঢাকায় সিপিডি কার্যালয়ে সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়।
সিপিডি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সভায় অংশগ্রহণকারীরা দেশের টেকসই উন্নয়ন অর্জনের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তাঁরা আসন্ন জাতীয় বাজেটে আর্থিক নীতি ও বরাদ্দের বিষয়ে বেশ কিছু পরামর্শ উপস্থাপন করেন। এসবের মধ্যে রয়েছে রপ্তানি পণ্য ও দেশজ বাজার দুই ধরনের শিল্পের জন্যই একটি সমন্বিত শুল্ককাঠামো প্রণয়ন; শিক্ষায়, বিশেষত কর্মসংস্থানভিত্তিক উচ্চশিক্ষায় বরাদ্দ বৃদ্ধি; ‘সবুজ’ তহবিল গঠনের জন্য বিশেষ বরাদ্দ ইত্যাদি।
আলোচনা সভায় মাল্টিমোড ট্রান্সপোর্ট কনসালট্যান্ট, বিটপী অ্যাডভারটাইজিং, শাশা ডেনিমস, ইন্টারন্যাশনাল অফিস ইকুইপমেন্ট, জিই বাংলাদেশ, পিকার্ড বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন, টিচ ফর বাংলাদেশ, টেকনো ভিসতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আসা তরুণ পেশাজীবীরা অংশ নেন।
সভায় সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ উপস্থিত ছিলেন।