তরুণদের সৃজনীশক্তি প্রয়োগ করতে হবে: ইউনূস

তরুণদের সৃজনশীলতা প্রয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের আজকের তরুণেরাই পরিবর্তনের নিয়ামক, পরিবর্তনের শক্তি। তাদেরই সৃজনশীলতা প্রয়োগে এগিয়ে আসতে হবে।
রাজধানীতে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সকালে সামাজিক ব্যবসা যুব সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনূস এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখন তরুণ। এই তরুণেরা বিশ্বে তাদের দক্ষতা, সক্ষমতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। কাজেই তারা সামাজিক ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের জমি অপ্রতুল। পুঁজির অভাবে আমরা বিদেশি বিনিয়োগ আনছি। প্রযুক্তিতে দখল নেই বলে তা আমদানি করছি। কিন্তু সৃজনীশক্তিতে আমাদের বিশাল সম্ভাবনা আছে। এই জ্ঞানবিকাশের জন্য সৃজনীশক্তি প্রয়োজন। সৃজনীশক্তিই আমাদের ভবিষ্যৎ রচনা করবে।’
সামাজিক ব্যবসাকে ‘বুদ্ধির খেলা’ হিসেবে অভিহিত করে ইউনূস বলেন, ‘যাদের বুদ্ধিমত্তা আছে, তারাই এখানে সাফল্য আনতে পারবে। এর জন্য খুব ভালো ছাত্র হতে হবে এমন নয়।’ তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সামাজিক ব্যবসার জন্য পুঁজি বা টাকার চিন্তাটাও জরুরি নয়। বরং নতুন নতুন ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য চাই সৃজনীশক্তির বিকাশ ও প্রয়োগ।’
উল্লেখ্য, সামাজিক ব্যবসার উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা কোনো মুনাফা নেন না, শুধু মূল পুঁজি ফিরিয়ে তুলে নিতে পারেন। মুনাফা ব্যবহার করা হয় ব্যবসার সম্প্রসারণে। আর ব্যবসাটি হয় সামাজিক কোনো একটি সমস্যা সমাধানের সহায়ক হিসেবে। মুহাম্মদ ইউনূস এই সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা।
সামাজিক ব্যবসার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ইউনূস বলেন, বিশ্বে কোটি কোটি তরুণ কর্মহীন ও বেকার। কোটি কোটি মানুষ গরিব। এই বেকারত্ব বা গরিবির জন্য তারা দায়ী নয়। দায়ী বিদ্যমান পদ্ধতি। সুতরাং, তরুণদের এই পদ্ধতিকে চ্যালেঞ্জ করতে হবে। পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে। সামাজিক ব্যবসা এ ক্ষেত্রে বড় একটি হাতিয়ার হবে।
বাংলাদেশের সম্ভাবনার দৃষ্টান্ত তুলে ধরতে গিয়ে ইউনূস বলেন, ‘দুই দশক আগেও কেউ ভাবেনি যে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকবে। এ দেশের নারী ও মেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে এই খাতকে এত বড় স্থানে নিয়ে গেছে। গ্রামের মহিলারা মোবাইল ফোন ব্যবহার করে জীবিকা অর্জন করতে পারে—এই চিন্তা একসময় হাসির খোরাক ছিল। কিন্তু বাংলাদেশ এ ক্ষেত্রে পথিকৃতের জায়গায় চলে গেছে।’
ইউনূস আরও বলেন, ‘ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতকে আমরা সমুদ্রবন্দর ব্যবহার করতে দিয়ে বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দিতে পারি। বাড়াতে পারি চীন ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ। এভাবে আঞ্চলিক সম্পৃক্ততায় বাংলাদেশ হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আমাদের প্রয়োজন গভীর সমুদ্রবন্দর।’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের সভাপতি সবুর খানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন জার্মানভিত্তিক গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের প্রতিষ্ঠাতা হ্যানস রিটজ। এই পর্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, ইমেরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাবের নির্বাহী পরিচালক মাসাহুরা ওকাদা, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক এম মিজানুর রহমান, সামাজিক ব্যবসা ছাত্র ফোরামের সভাপতি কাজী মেসবাহ উর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ব্যবসা সেলের প্রধান মাসুদ ইবনে রহমান।
জিএসপি ও অন্যান্য: অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, ‘শ্রম অধিকার ও শ্রম মান বিষয়ে আমরা তাদের সন্তুষ্ট করতে পারিনি বলেই আমেরিকা জিএসপি স্থগিত করেছে। আমরা দীর্ঘদিন ধরে পোশাক প্রস্তুত ও রপ্তানি করলেও শ্রমিকদের জীবনমানের যথেষ্ট উন্নতি ঘটাতে পারিনি।’
আরেক প্রশ্নের জবাবে ইউনূস বলেন, রাজনীতিতে ও নেতৃত্বে পরিবর্তন আসা দরকার। তরুণেরা তাদের সৃজনীশক্তি দিয়ে সেই পরিবর্তন আনবে। পরিবর্তনের দায়িত্ব নিতে চান কি না—এমন প্রশ্নের জবাবে ইউনূস নিজেকে ‘বুড়োদের’ দলভুক্ত হিসেবে উল্লেখ করেন।