রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত আন্তর্জাতিক তহবিলে অংশ নিতে বিদেশি ক্রেতা-প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে পোশাক খাত-সংশ্লিষ্ট তিনটি সংগঠন।
আজ শনিবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর পক্ষে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এই অনুরোধ জানান।
আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য চার কোটি ডলারের তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ তহবিল থেকে সহায়তা দেওয়া শুরু হবে। পোশাক শিল্পের সব ব্র্যান্ড এ ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আতিকুল ইসলাম আরও বলেন, ‘দুঃখের বিষয় যে আমরা শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিলেও ক্রেতারা এই কাজগুলো দেখছেন না। পোশাকশিল্পে গত আট বছরে ৩৮টি ট্রেড ইউনিয়ন গঠিত হয়েছে। আর চলতি বছরে হয়েছে ১৫০টি। ক্রেতারা এ কাজগুলো দেখছেন না।’
সংবাদ সম্মেলনে শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বর্তমান সহসভাপতি এস এম মান্নান ও শহিদুল্লাহ আজিম, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বিটিএমইএর কোনো নেতা উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি তিন সংগঠনের পক্ষে রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে ২৪ এপ্রিল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে শোক র্যালি, স্মরণসভা, দেশের সব পোশাক কারখানায় দোয়া মাহফিল ও শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে জুরাইনে কবর জিয়ারত উল্লেখযোগ্য।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিকাইল শিপার বলেন, ‘শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সরকারি মানদণ্ড নিম্নমানের। তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহায়তা দেওয়া হবে। সেই লক্ষ্যে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলার তহবিলে জমা পড়েছে। আমি আশাবাদী, চার কোটি ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ হবে।’
শ্রমসচিব আরও বলেন, ‘শ্রম আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পেরেছি।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে যে অর্থ দেওয়া হয়েছে, তা ‘রানা প্লাজা ডোনারস ট্রাস্ট ফান্ড’-এর সঙ্গে সমন্বয় করার কোনো পরিকল্পনা নেই। তবে সব তথ্য তহবিলের দায়িত্বপ্রাপ্তদের দেওয়া হবে। তাঁরা যদি মনে করেন এই অর্থ কেটে নেবেন, নিতে পারেন। আবার না-ও নিতে পারেন।