তহবিল গঠনের খবরে শেয়ারবাজারে গতি
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফে বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠনের খবরে শেয়ারবাজারের লেনদেনে আবারও গতি ফিরেছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই তহবিল গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে অর্থ মন্ত্রণালয় তহবিল গঠনের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ‘উপায় উদ্ভাবনের’ নির্দেশ দেয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক একটি উপায় খুঁজে বের করে।বাংলাদেশ ব্যাংক বলছে, মুনাফা হিসেবে প্রতিষ্ঠানটি সরকারকে যে অর্থ দেয় তা থেকে ৯০০ কোটি টাকা দিয়ে সরকারের উদ্যোগেই এই তহবিল গঠন করা যেতে পারে। গত বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানিয়েছে। তার আগে মঙ্গলবার দেশের একাধিক সংবাদমাধ্যমে তহবিল গঠনের এই খবর প্রকাশিত হয়। তাতে দেশের দুই শেয়ারবাজারে কিছুটা গতি ফিরেছে। প্রতিদিন একটু একটু করে লেনদেনও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন আবারও সাড়ে ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক ছাড়িয়েছে চার হাজার ১০০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ৪০ কোটি টাকা। সেখানকার সার্বিক মূল্যসূচক ছাড়িয়েছে ১২ হাজার পয়েন্ট। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটের মধ্যে সাধারণ সূচক প্রায় ৬৫ পয়েন্ট বেড়ে চার হাজার ১৪৭ পয়েন্টে ওঠে। পরে সূচক কিছুটা নিম্নমুখী হয়। কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে এদিন খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাত। এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ওষুধ, রসায়ন ও ব্যাংক খাত। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতিতে (প্রভিশনিং) কিছুটা ছাড় দেওয়ায় এদিন ব্যাংকিং খাতের শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটেছে। এ খাতের লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনের শেষে গতকাল ব্যাংকিং খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১১ দশমিক ৩৪ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনের শীর্ষে থাকা বস্ত্র খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের ১৫ শতাংশ।সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকার বাজারে ২৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭২টির দাম বেড়েছে, কমেছে ৯৩টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৬৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৪ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টিরই দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। দিনের শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।