তহবিলের টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা, ব্যাংককে চিঠি
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিলের টাকা তোলার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ব্যাংকের কাছে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিয়মনীতি উপেক্ষা করে কল্যাণ তহবিলের ২৭ কোটি ২০ লাখ টাকা গত বছরের জুনে বিনিয়োগ করা হয় শেয়ারবাজারে। সেই শেয়ারের দর পড়ে যাওয়ায় বিনিয়োগের প্রায় এক-পঞ্চমাংশ টাকা হাওয়া হয়ে গেছে।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আগ্রাবাদ শাখার একটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে শেয়ারবাজারের বিও হিসাবে টাকা স্থানান্তর করে শেয়ার কেনা হয়। সেই শেয়ারের দর পড়ে গেছে। এতে কোম্পানির কর্মীদের তহবিলের টাকাও কমে যায়। এই অবস্থায় আমরা আগ্রাবাদে অবস্থিত ওই ব্যাংক থেকে সব ধরনের টাকা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি। এ-সংক্রান্ত চিঠি গত বুধবার সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে দিয়েছি। ফলে ব্যাংকের ওই হিসাবে কেবল টাকা জমা হবে। কেউ টাকা তুলতে পারবে না।’
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ট্রাস্টি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিলের টাকা দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস বিপণনের চারটি কোম্পানির শেয়ার কেনে। বেশি লাভের আশায় নিয়মনীতি উপেক্ষা করে এসব শেয়ার কেনা হয়। গত বছর শেয়ারবাজার পড়তির দিকে ছিল। জুন মাসে শেয়ার কেনার পর তা আরও অনেক কমে যায়। ফলে ২৭ কোটি ২০ লাখ টাকা শেয়ারের দর ২১-২২ কোটি টাকায় নেমে আসে। বিষয়টি জানাজানি হলে কোম্পানির কর্মীদের মধ্যে হইচই পড়ে যায়। এই বিনিয়োগের এখতিয়ার নিয়েও প্রশ্ন ওঠে। ব্যাপক সমালোচনার মুখে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ৫ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
কোম্পানি সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (আবাসিক) আইয়ুব হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) নাজমুল হক ও উপমহাব্যবস্থাপক (নিরীক্ষণ) খসরু আজাদ। তাঁদের ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাস্টির কর্মকর্তারা তদন্ত কমিটিকে কাগজপত্র না দিয়ে সময় চেয়েছেন। ফলে প্রতিবেদন দাখিলের মেয়াদ ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান নিজে বাড়িয়ে দিয়েছেন বলে প্রথম আলোকে জানান।
জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ও সরকারের সচিব এ এম বদরুদ্দৌজা প্রথম আলোকে বলেন, ‘শেয়ারবাজারে বিনিয়োগের কারণে কোম্পানির কল্যাণ তহবিলের টাকা লোকসান হয়েছে। বিষয়টি আমি জেনে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যমুনার ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছি।’