তাঁত ও বস্ত্রমেলায় রাজশাহীতে ঈদের কেনাকাটায় নতুন মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানটিতে স্থানীয় তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়। দোকানটির নাম ঝিনুক অ্যান্ড বার্মিজ কালেকশন। দেশের একেবারে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার থেকে এসেছে। এই দোকানের বিক্রয়কর্মীরা উৎসাহী ক্রেতাদের সঙ্গে দাম-দর নিয়ে কথা বলে যেন আর পেরে উঠছেন না।এ ধরনের ৫২টি দোকান নিয়ে রাজশাহীতে এখন চলছে ‘বস্ত্র ও তাঁতশিল্প মেলা এবং মেহেদি উৎসব’। যা এই বিভাগীয় শহরটিতে ঈদের কেনাকাটায় এবার নতুন মাত্রা যোগ করেছে। নগর ভবনের গ্রিন প্লাজায় চলছে এই মেলা। রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় ‘আমরা রাজশাহীবাসী’ মেলাটির আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকে। ঈদের আগের দিন পর্যন্ত এই মেলা চলবে।অবশ্য শহরের বিপণিবিতান এবং মার্কেটগুলোতেও এখন পুরোদমে ঈদের কেনাকাটা চলছে।আমরা রাজশাহীবাসীর প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মেলায় ঢাকা, সিলেট ও কক্সবাজার থেকে ব্যবসায়ীরা এসেছেন। এখানে বিভিন্ন পণ্যের দাম ধনী-গরিব সব শ্রেণীর মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। যেমন—এখানে আড়াই শ থেকে তিন শ টাকার মধ্যেও থ্রি-পিস পাওয়া যায়। এই দামে রাজশাহীর আর কোথাও একই মানের থ্রি-পিস পাওয়া যাবে না।রাজশাহী কলেজের শিক্ষার্থী নাইম ও তাঁর বন্ধুরা গতকাল মঙ্গলবার ঝিনুক অ্যান্ড বার্মিজ কালেকশনে প্রথম আলোকে বলেন, এই মেলায় কম দামে সুন্দর সুন্দর ডিজাইনের পণ্য কেনা যায়। যা সচরাচর রাজশাহীতে পাওয়া যায় না।নগরের চণ্ডিপুর এলাকা থেকে আসা তরুণী রিফাত এবং শিরোইল এলাকার মাসুমসহ আরও অনেক ক্রেতা-দর্শনার্থীই মেলায় সৌন্দযমণ্ডিত ব্যাগসহ বিভিন্ন ধরনের চিত্তাকর্ষক পণ্য দেখে অভিভূত বলে জানান।গ্রাম থেকেও প্রচুর ক্রেতা আসছেন এই মেলায়। বাঘা উপজেলার তেঁতুলিয়া কলেজের ছাত্র সিজার মাহমুদ আর আড়ানী থেকে আসা মোতাকাব্বির হোসেনও প্রশংসা করলেন মেলায় প্রদর্শিত পণ্যসামগ্রীর। কুমিল্লা থেকে আগত মোঘল তাঁতের স্টলে হাওয়াই শার্ট কেনার জন্য উপচে পড়া ভিড় দেখা গেছে। এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সৈয়দ আলী আকবরের দেখাদেখি চারঘাটের বনকিশোর গ্রামের যুবক জাহিদুল ইসলামও কিনলেন একটি হাওয়াই শার্ট। জাহিদুল বলেন, শার্টগুলো দামে সস্তা ও দেখতে সুন্দর। এদিকে স্টলটির মালিক মো. বাচ্চু মিঞা বলেন, ‘রাজশাহীর ক্রেতারা বেশ ভালো। প্রথমবারের মতো এসে বেশ ভালো লাগল।’ এদিকে এই মেলার আরেকটি আকর্ষণ হচ্ছে মেহেদি উৎসব। একটি স্টলে একদল তরুণী মেহেদি নিয়ে অপেক্ষায় থাকেন। কোনো দর্শনার্থী নারী হাত বাড়ালেই তরুণীর দল বিচিত্র ধরনের সব নকশা এঁকে দেন। এ জন্য বাচ্চাদের কাছ থেকে ৫০ টাকা আর বড়দের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে।