তাঁদের যত শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের অন্যতম ধনী রিচার্ড ব্র্যানসনের শখ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা l ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম ধনী রিচার্ড ব্র্যানসনের শখ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা l ছবি: সংগৃহীত

বিশ্বের সেরা ধনী বা শতকোটিপতি ব্যক্তিদের জীবনযাপন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তাঁদের কর্ম ও ব্যক্তিগত জীবন, পোশাক, খাবার, শখ, চলাফেরা—সবকিছু নিয়েই তাই প্রতিনিয়ত প্রকাশিত হয় নানা ধরনের খবর। সেই ধারায় মার্কিন সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স এবার সারা বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের ব্যক্তিগত শখ নিয়ে একটি গবেষণা করেছে। গবেষণা প্রতিবেদনটিতে ২ হাজার ৪৭৩ শীর্ষস্থানীয় ধনী বা বিলিয়নিয়ারের পছন্দের ২০টি প্রিয় শখের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ওয়েলথ-এক্সের প্রতিবেদন অনুযায়ী, বিলিয়নিয়ার ব্যক্তিদের সবচেয়ে প্রিয় শখ জনকল্যাণে সম্পদ দান করা। নিজেদের উপার্জিত অর্থ মানুষের কল্যাণে ব্যয় করার কাজে যুক্ত আছেন ৫৬ শতাংশ শীর্ষস্থানীয় ধনী। তাঁরা তাঁদের মূল কাজের বাইরে মানবকল্যাণকেই এখন নিজেদের ধ্যান-জ্ঞান বানিয়েছেন। আর এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ বিশ্বের শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট। দুজনই সারা জীবনে যা উপার্জন করেছেন, তার প্রায় পুরোটাই মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্পদ বিলিয়ে দেওয়ার এ কাজটি যাতে অর্থবহ হয়, সে জন্য বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস মিলে প্রতিষ্ঠা করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। দাতব্য প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ বর্তমানে ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলার। আফ্রিকা ও এশিয়ার দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্য, শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। একইভাবে ওয়ারেন বাফেটেরও আছে চারটি দাতব্য প্রতিষ্ঠান। প্রতিবছরই এসব প্রতিষ্ঠানে আয়ের একটি বড় অংশ দান করে যাচ্ছেন বাফেট।

মানবকল্যাণের পর বিলিয়নিয়ারদের শখের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভ্রমণ। ওয়েলথ-এক্সের তালিকা অনুযায়ী, ৩১ শতাংশ ধনী নিজেদের কাজের বাইরে বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পছন্দ করেন। কেউ কেউ আবার একান্তে সময় কাটাতে নিজস্ব বিমানে চলে যান কোনো বিলাসবহুল অবকাশকেন্দ্রে। শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তির অনেকেরই ভ্রমণের জন্য আছে ব্যক্তিগত বিমান বা হেলিকপ্টার।

চিত্রকলার প্রতি ধনীদের আগ্রহটাও একেবারে কম নয়। দামি ও দুর্লভ চিত্রকলা সংগ্রহে অনেক বিলিয়নিয়ারের আগ্রহের কারণে এই শখ রয়েছে ওয়েলথ-এক্সের তালিকার তিন নম্বরে। প্রায় ২৯ শতাংশ ধনীর প্রিয় শখ চিত্রকলা সংগ্রহ। মার্কিন সুপার চেইনশপ ওয়ালমার্টের অন্যতম পরিচালক ক্রিস্টি ওয়ালটনের সংগ্রহে থাকা চিত্রশিল্প দিয়ে বড় ধরনের একটা প্রদর্শনী করা সম্ভব।

শীর্ষস্থানীয় ধনীদের প্রিয় শখের তালিকায় চার নম্বরে আছে ফ্যাশন। ওয়েলথ-এক্সের হিসাবে ২৫ শতাংশ বিলিয়নিয়ারের প্রিয় শখ ফ্যাশন ও স্টাইল। ৮৫ বছর বয়সেও বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট নিজের পোশাক-পরিচ্ছদ ও ফ্যাশনের ব্যাপারে খুবই সচেতন। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি কোন পোশাক পরে গেলেন, সেটি নিয়ে এখনো যথেষ্ট আলোচনা হয়।

সেরা ধনীদের প্রিয় শখের তালিকার পাঁচ নম্বরে আছে রাজনীতি। ২২ শতাংশ বিলিয়নিয়ার রাজনীতির প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন। বিলিয়নিয়ার ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবে বিশ্বে এখন বহুল আলোচিত ব্যক্তি হলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ফোর্বস-এর তালিকার ৮ নম্বর শীর্ষ ধনী মাইকেল ব্লুমবার্গও নিউইয়র্কের মেয়র হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেন।

পুরোনো ওয়াইন ও অ্যালকোহল সংগ্রহ করাও ধনীদের একটি প্রিয় শখ। ওয়েলথ-এক্সের হিসাবে, শীর্ষস্থানীয় ধনীদের ১৬ শতাংশের প্রিয় শখ এটি। মার্কিন ধনকুবের জন পল ডিজোরিয়ার আয়ের অন্যতম উৎস টাকিলার ব্যবসা। এটি তাঁর সবচেয়ে প্রিয় শখও বটে। শীর্ষ দশে থাকা শখের মধ্যে সাত নম্বরে আছে বোটিং। এটি ১৫ শতাংশ বিলিয়নিয়ারের প্রিয়। আট নম্বরে থাকা শরীরচর্চা প্রিয় ১৪ দশমিক ৮ শতাংশ ধনীর। এরপরের দুটি স্থানে আছে যথাক্রমে দামি মোটরগাড়ি ও পুরোনো জিনিস সংগ্রহের শখ। এরপরে শখের তালিকায় রয়েছে  ফুটবল, বইপড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গলফ, রান্না, শিকার, গয়না, মাছ ধরা, দামি ঘড়ি ও স্কিয়িং।