তাঁরা যা বলেছিলেন
>কেউ কেউ সমালোচনা করে বলেন, বাজেট হচ্ছে কথামালার বাজেট। এতে অর্থমন্ত্রীরা অনেক কথা বলেন, কিন্তু অর্জনের পরিসংখ্যান ছাড়া এসব কথা মানুষ খুব কম মনে রাখেন। কিন্তু মনে রাখার মতো কথাও কিন্তু থাকে বাজেটে। উদাহরণ দিই-

‘বিগত বছরটি ছিল আমাদের জাতীয় জীবনের এক সুকঠিন পরীক্ষা ও সুমহান আশার কাল।’
প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭৩-৭৪ অর্থবছরের বাজেট বক্তব্যে
‘সততা, নিয়মানুবর্তিতা, বাস্তবানুগ উন্নয়ন নীতি প্রণয়ন ও কঠোর পরিশ্রমের আজ বড় প্রয়োজন। এ কথা মনে রাখা দরকার যে, স্লোগান দিয়ে সমাজতন্ত্র কায়েম হয় না, দুর্নীতি দূর হয় না, বুলি আউড়িয়ে প্রবৃদ্ধি আনা যায় না, জনসাধারণকে সর্বকালের জন্য ধোঁকা দেওয়া চলে না।’
তাজউদ্দীন আহমদ, বাজেট বক্তব্য ১৯৭৪-৭৫
‘জাতি হিসেবে আমরা কেবল সঞ্চয় করাই শিখব না, আমাদের অপচয় হ্রাস করাও শিখতে হবে। সরকারি খাতের কতিপয় সংস্থায় অতিমাত্রায় অপচয় এবং সম্পদের অপটু ব্যবহার একটা গভীর উদ্বেগের কারণ হয়ে পড়েছে।’
মেজর জেনারেল জিয়াউর রহমান, সেনাবাহিনী প্রধান ও উপ-প্রধান সামরিক আইন প্রশাসক, বাজেট বক্তব্য ১৯৭৬-৭৭

‘বিগত স্বৈরশাসন আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। সরকারের অর্থব্যবস্থাপনা এবং বাজেট ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সকল বিধি ও নৈতিকতা ক্রমান্বয়ে ভেঙে পড়ে।’
এম সাইফুর রহমান, বাজেট বক্তব্য ১৯৯১-৯২
‘আমাদের অর্থনীতি এক নিম্ন আয়-নিম্ন প্রবৃদ্ধির আবর্তে বন্ধ হয়ে আছে। দীর্ঘদিন ধরে আমাদের প্রবৃদ্ধির গতি অতি শীর্ণ এবং উন্নতির পরিমাণ নগণ্য।’
এম সাইফুর রহমান, বাজেট বক্তব্য ১৯৯২-৯৩
‘পৃথিবীর কোথাও সুদক্ষ বিনিয়োগকারী হিসাবে সরকারের সুনাম নেই। যেখানে সরকার একচেটিয়া বিনিয়োগের অধিকারী সে ক্ষেত্রে এ কথা আরও সত্য।’
এম সাইফুর রহমান, বাজেট বক্তব্য ১৯৯৩-৯৪

‘অর্থনৈতিক সংস্কার কোনো দিনই সকলকে সংশ্লিষ্ট করতে পারে না। কায়েমি স্বার্থে আঘাত না করে কোনো প্রকৃত সংস্কারই সম্ভব নয়।’
শাহ এ এম এস কিবরিয়া, বাজেট বক্তব্য ১৯৯৭-৯৮
‘এ সত্য কোনো প্রকারেই অস্বীকার করার উপায় নেই যে গত চার বছর ধরে বাংলাদেশে যে হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এত উঁচু হারে বাংলাদেশে এর আগে কখনো জাতীয় উৎপাদের প্রবৃদ্ধি সম্ভব হয়নি।’
শাহ এ এম এস কিবরিয়া, বাজেট বক্তব্য ২০০০-০১
‘অভ্যন্তরীণ ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের নিকট থেকে একটি অত্যন্ত নাজুক ও ভারসাম্যহীন অর্থনীতির ব্যবস্থাপনার দায়িত্ব আমরা পেয়েছিলাম।’
এম সাইফুর রহমান, বাজেট বক্তব্য ২০০৩-০৪

‘প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সত্তরের দশকের প্রথমার্ধ থেকে এ পর্যন্ত সময়ের পরিক্রমায় বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে।’
অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বাজেট বক্তব্য ২০০৭-০৮
‘দুঃখজনক হলেও সত্য যে, দেশ ও জাতির এ অগ্রযাত্রা থেমে যায় ২০০১ সালে। জোট সরকারশাসিত এ সময়ে লাগামহীন দ্রব্যমূল্য এবং সীমাহীন দুর্নীতি জনজীবনকে বিপর্যস্ত করে তোলে।’
আবুল মাল আবদুল মুহিত, বাজেট বক্তব্য ২০০৯-১০
‘আমি আসলেই কর্মশক্তি পাই আমার প্রবল তথা অশোভনীয় আশাবাদে।’
আবুল মাল আবদুল মুহিত, বাজেট বক্তব্য ২০১৩-১৪