তাকাফুল ইনস্যুরেন্সের পরিচালককে পাঁচ লাখ টাকা জরিমানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা/পরিচালক হাসনাইন হারুনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় তাঁকে এই জরিমানা করা হয়।আজ মঙ্গলবার বিএসইসির ৪৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন [সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫] লঙ্ঘন করায় হাসনাইন হারুনকে ওই জরিমানা করা হয়।আজকের সভায় সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একই সঙ্গে সভায় আলিফ ইসলামিক ইনকাম ফান্ড নামে বে-মেয়াদি (ওপেন-এন্ড) মিউচুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।