তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন লঙ্ঘন করে নির্ধারিত হারের চেয়ে প্রায় তিন গুণ বেশি কমিশন দেওয়ায় তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স কোম্পানিকে জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানিকে পাঁচ লাখ টাকা এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জয়নূল হুদাকে এক লাখ টাকা জরিমানা আরোপ করে সংস্থাটি সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, এমডির নির্দেশেই কোম্পানিটি বেআইনিভাবে নির্ধারিত ১৫ শতাংশের পরিবর্তে ৪০ শতাংশ কমিশন দেয়। শুধু তা-ই নয়, কমিশনের টাকা অ্যাকাউন্ট পেয়ি (ব্যাংক হিসাবে প্রদেয়) চেকের পরিবর্তে নগদে দেওয়া হয়, যা আরেকটি লঙ্ঘন। উল্লেখ্য, সেন্ট্রাল রেটিং কমিটির (সিআরসি) এক পরিদর্শন দল গত ১৫ মে তাকাফুল ইসলামী ইনস্যুরেন্সের স্থানীয় কার্যালয় পরিদর্শন করে আইন লঙ্ঘনের সত্যতা পায়। এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য গতকাল আইডিআরএ কার্যালয়ে এ ব্যাপারে একটি শুনানি অনুষ্ঠিত হয়। কিন্তু শুনানিতে তাকাফুলের কেউ সন্তোষজনক জবাব দিতে পারেননি। চিঠিতে বলা হয়, স্থানীয় কার্যালয় শাখার কর্মকর্তা বা কর্মচারী না হওয়া সত্ত্বেও মাইনউদ্দিন নামক এক ব্যক্তিকে কোম্পানির এমডি জয়নূল হুদা বিপুল পরিমাণ অর্থ দেন, যা সন্দেহজনক। জরিমানা পরিশোধের পাশাপাশি কমিশনের টাকা আদায় করে কোম্পানির ব্যাংক হিসাবে জমা দিয়ে রসিদের কপি আগামী সাত দিনের মধ্যে আইডিআরএতে পাঠানোর কথা চিঠিতে বলা হয়েছে।