তাজরীনের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার মতো একই প্রক্রিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। তালিকা চূড়ান্ত করার পর অন্যান্য প্রক্রিয়া শেষে আগামী বছরের প্রথমার্ধেই ভুক্তভোগীদের ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে।
শ্রম অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংগঠন ক্লিন ক্লথ ক্যাম্পেইন (সিসিসি) ও ইন্ডাস্ট্রিঅল। গত নভেম্বরে তাজরীনের ঘটনার দুই বছর পূর্ণ হওয়ার দিনে সংগঠন দুটি ঘোষণা দেয়, তাজরীনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য বিদেশি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে দর-কষাকষি করছে তারা।
এদিকে তাজরীনের ঘটনার ক্ষতিপূরণের অর্থ ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বাধীন রানা প্লাজা সমন্বয় কমিটি কাজ করছে। কমিটির আওতাধীন রানা প্লাজা ক্লেইম অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের গত ১ অক্টোবর তাজরীন ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশনে বদলি করা হয়েছে। এ ছাড়া একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। এতে দেশি-বিদেশি শ্রমিক সংগঠন ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সদস্য হিসেবে আছেন।
শ্রম সংগঠনগুলো জানায়, তাজরীন কারখানায় সিঅ্যান্ডএসহ আমেরিকাভিত্তিক বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট, জার্মানির কিক, স্পেনের ডিপার্টমেন্ট স্টোর এল কোর্টি ইংলেস, স্কটিস ব্র্যান্ড এডিনবার্গ উলেন মিল, পিয়াজ্জা ইটালিয়া, ডিজনি, সিয়ারস, ডিকিস, ডেল্টা অ্যাপারেল অ্যান্ড শন জন পোশাক তৈরি হতো।
ক্লিন ক্লথ ক্যাম্পেইন ও ইন্ডাস্ট্রিঅলের উদ্যোগে ক্ষতিপূরণের জন্য মোটা অঙ্কের অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছে জার্মানভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ। অন্যান্য ব্র্যান্ড ও ক্রেতাদের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ের চেষ্টা এখনো চলছে। শেষ পর্যন্ত আর কেউ অর্থ না দিলে পুরোটাই সিঅ্যান্ডএ দেবে—নাম প্রকাশ না করার শর্তে স্টিয়ারিং কমিটির দুই সদস্য এ কথা জানান।
জানতে চাইলে সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, তাজরীনের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে আহত ও নিহত শ্রমিকদের নামের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। তিনি বলেন, যেহেতু রানা প্লাজা ধসে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া শেষ, এতে করে তাজরীনের প্রক্রিয়াটি দ্রুত করা যাবে। কারণ আগে থেকে অনেক কিছুই স্পষ্ট। ফলে সব প্রক্রিয়া শেষ করে আগামী ফেব্রুয়ারি নাগাদ ভুক্তভোগীদের অর্থ দেওয়া হতে পারে।
২০১২ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১৪ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। আহত হন অনেক শ্রমিক। আগামী সপ্তাহে তাজরীনের ঘটনার তৃতীয় বছর পূর্ণ হচ্ছে।
তাজরীনের ঘটনায় নিহত ১১৪ জনের মধ্যে ১০৯ জন সাত লাখ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ-সহায়তা পেয়েছেন। বাকি পাঁচজন নিখোঁজ। যাচাই-বাছাই করে তাঁদের পরিবারের সদস্যদের অর্থ দেওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছে বিজিএমইএ। এ ছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আহত ১৪৪ জনের মধ্যে ৯০ জনকে এক লাখ টাকা করে দেওয়া হয়।
সৈয়দ সুলতান বলেন, ‘তাজরীনের ঘটনায় সর্বনিম্ন ১০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য আহত শ্রমিক কিংবা নিহতের পরিবার হিসাব-নিকাশ করে যে অর্থ প্রাপ্য হবে, তা থেকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া সমপরিমাণ অর্থ কেটে রাখা হবে।’ তিনি বলেন, ‘ঘটনার পর তিন বছর পার হয়ে গেছে। তাই আহতদের মেডিকেল অ্যাসেসমেন্ট করাটা এখন বড় চ্যালেঞ্জ। তা ছাড়া বর্তমানে এটি করাটাও কতটুকু যৌক্তিক, সেটিও ভেবে দেখা প্রয়োজন।’
তাজরীনের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার। তিনি বলেন, ‘রানা প্লাজার ক্ষেত্রে অনেকেরই মেডিকেল অ্যাসেসমেন্ট সঠিক হয়নি। এবার যেন সেটি না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ তিনি আরও বলেন, তাজরীনের ঘটনায় ক্ষতিপূরণ দিতে ৫০ লাখ ডলার লাগতে পারে। প্রথমে এমনটি ভাবা হলেও এর পরিমাণ বাড়তে পারে। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।