তাজা সবজি বিক্রি করবেন কৃষকেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি কৃষকদের অংশগ্রহণে রাজধানীতে বসবে সাপ্তাহিক কৃষক বাজার। এখানে খেতের তাজা সবজি সরাসরি বিক্রি করবেন কৃষকেরা। আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে আট দিনব্যাপী এই মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

শহরের প্রধান চারটি এলাকায় শুক্র থেকে শনিবার পর্যন্ত ১০ হাজার মানুষের কাছে তাজা সবজি পৌঁছে দেওয়া হবে। ১৮ ও ১৯ নভেম্বর রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির মাঠে, ২৫ ও ২৬ নভেম্বর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে, ২ ও ৩ ডিসেম্বর বনানী খেলার মাঠে এবং ৯ ও ১০ ডিসেম্বর উত্তরার ফ্রেঞ্চ ক্লাবের মাঠে এই মেলা চলবে।

আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই মেলার আয়োজনের কথা জানানো হয়। ফ্রেশ মার্টের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতা সংস্থার (ইউএসএআইডি) ডাই নামে একটি প্রকল্পের অর্থায়নে দ্য ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ (আইআইসিই) এই মেলার আয়োজন করেছে। দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তা করতেই এই আয়োজন বলে তাঁরা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলার অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের উৎপাদিত শাকসবজি শহরের গ্রাহকদের কাছে পরিচয় করে দেওয়া। শহরের বাজারে ভালো শাকসবজির অভাব রয়েছে—এমন ধারণা থেকেই ফ্রেশ মার্ট এই উদ্যোগ নিয়েছে।

আয়োজক সংস্থা মনে করছে, মেলায় কৃষকেরা মাঠের তাজা সবজি সরাসরি বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে তাঁরা মধ্যস্থতাকারীদের কাছ থেকে বের হয়ে আসতে পারবেন।

আইআইসিইর ওয়েবসাইটে (http://www.freshmart-fair.com/) মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তাজা সবজি ও ফল কিনতে চাইলে মেলা শেষেও ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফেসবুকেও (https://www.facebook.com/Freshmartfair/) বিস্তারিত তথ্য পাওয়া যাবে।