তানজানিয়ায় ওয়েস্টার্ন মেরিনের জাহাজ রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী জাহাজ রপ্তানি করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গতকাল বন্দরে এমভি হ্যানজিন নামের একটি জাহাজে এই যাত্রীবাহী জাহাজটি তুলে দেওয়া হয়।
অ্যালুমিনিয়ামের তৈরি ক্যাটামেরান জাতীয় এই জাহাজটির নাম দেওয়া হয়েছে এমভি দার এস সালাম। তানজানিয়ার পরিবহন মন্ত্রণালয়ের জন্য এটি তৈরি করা হয়েছে। তানজানিয়ার অভ্যন্তরীণ নৌপথে যাত্রী পরিবহনের জন্য এই জাহাজ ব্যবহৃত হবে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পূর্ব আফ্রিকার এই দেশটির সরকারের জন্য প্রথমবারের মতো এ ধরনের জাহাজ রপ্তানি হলো। ডেনমার্কের ক্রেতা জেজিএইচ মেরিনের মাধ্যমে তানজানিয়ায় এই জাহাজটি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এই জাহাজের যাত্রী ধারণক্ষমতা ৩০০ জন। এই জাহাজের দৈর্ঘ্য ৩৮ মিটার। এটির গতিবেগ ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল। জাহাজটির রপ্তানিমূল্য প্রায় ২৭ কোটি টাকা।
ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তারা জানান, এ জাতীয় জাহাজ নৌপথে চলাচলের জন্য অত্যন্ত নিরাপদ। জোড়া হাল বিশিষ্ট এই জাতীয় জাহাজের স্থিতিশীলতাও অনেক বেশি।