তামাক ছেড়ে তুলা চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের কৃষক রহমতউল্লাহ গত বছর দুই বিঘা জমিতে তামাক চাষ করেছিলেন। এতে তাঁর লাভও হয়েছিল। কিন্তু এবার তিনি তামাক ছেড়ে তুলার আবাদ করেছেন। এই গ্রামের আবদুর রাজ্জাক গত মৌসুমে দুই বিঘা জমিতে তুলা চাষ করে ৫০ হাজার টাকা লাভ করেছেন। তাই এবার তিনি আরও তিন বিঘায় তুলার আবাদ করেছেন, যেখানে কয়েক বছর ধরে তিনি তামাকের আবাদ করতেন।

একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আমিরুল ইসলামসহ সাতজন চাষি গত বছর ১০ বিঘা জমিতে তুলার আবাদ করে খরচ বাদে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা করে লাভ পেয়েছেন। এবার গ্রামটিতে তুলার আবাদ ১০ গুণ বেড়েছে, শতাধিক চাষি তুলার আবাদ করেছেন ১০০ বিঘা জমিতে।

শুধু রহমতউল্লাহ, আবদুর রাজ্জাক ও আমিরুল ইসলামরাই নন, গোটা জেলায় তাঁদের মতো সহস্রাধিক কৃষক তামাক ছেড়ে তুলা চাষে এসেছেন।

তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) স্থানীয় কার্যালয়ের কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে আলাপ করে তুলার আবাদ বৃদ্ধির কয়েকটি কারণ জানা যায়। সেগুলো হচ্ছে প্রতিবছর পৌষ মাসের দিকে যখন ধানসহ অন্যান্য ফসল চাষের জন্য টাকার প্রয়োজন হয় তুলা বিক্রি করে সেই খরচ মেটানো যায়, এটির দামও অন্যান্য ফসলের মতো ওঠানামা করে না, তুলা মাঠে থাকতেই জিনারদের (তুলা ক্রেতা) প্রতিনিধিরা সরাসরি এলাকায় এসে নগদে তুলা কিনে নেন বলে টাকার জন্য আড়তদার, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের পেছনে ঘুরতে হয় না।

চাষিদের ফসল পরিবর্তনের এই উদ্যোগকে সিডিবি ইতিবাচক হিসেবেই দেখছে। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, কয়েক বছর ধরে চাষিদের তামাক ছেড়ে তুলা চাষে উদ্বুদ্ধকরণের সুফল আসতে শুরু করেছে।

সিডিবির চুয়াডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে এই এলাকায় ১০ হাজার ৮০৫ জন চাষি তিন হাজার ৭৪২ হেক্টর জমিতে তুলার আবাদ করে ফলন পেয়েছিলেন ২০ হাজার ৫৮১ বেল (১৮২ কেজিতে এক বেল)। এবার ১২ হাজার ৬০৪ জন চার হাজার ৩০৬ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন। এতে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৬৮৩ বেল। নতুন এক হাজার ৭৯৯ জন তুলা চাষির মধ্যে হাজারেরও বেশি এসেছেন তামাক ছেড়ে।

দামুড়হুদার লক্ষ্মীপুর গ্রামের কোরবান আলী জোয়ার্দ্দার জানান, চার বছর ধরে তিনি দুই বিঘা জমিতে তুলার আবাদ করছেন। এবার তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শে বাড়ির পাশে দীর্ঘদিনের পরিত্যক্ত আড ়াই বিঘা জমিতেও তুলা চাষ করেছেন। সাড়ে চার বিঘা জমিতেই তিনি বাম্পার ফলনের আশা করছেন। একই গ্রামের প্রবীণ কৃষক সিদ্দিক আলী জানান, তিন বছর ধরে তিনি দুই বিঘা জমিতে তুলার আবাদ করলেও এবার করেছেন আড়াই বিঘায়।

সিডিবি চুয়াডাঙ্গা জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খোন্দকার এনামুল কবীর প্রথম আলোকে জানান, চাষিদের যত বেশি জমিতে সম্ভব হাইব্রিড বা উচ্চফলনশীল (উফশী) জাতের তুলা উৎপাদনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। কারণ এতে লাভ বেশি হয়। গত মৌসুমে এই জেলায় যেখানে ৩৫২ হেক্টর জমিতে উফশী তুলার আবাদ হয়, সেখানে এবার হয়েছে ৮৫৬ হেক্টরে।

এদিকে সিডিবির নির্বাহী পরিচালক মো. ফরিদ উদ্দিন ও কর্মসূচি পরিচালক গোলাম মোর্তজা সম্প্রতি জিনারদের (তুলা ক্রেতা) প্রতিনিধিসহ চুয়াডাঙ্গা জোনের বিভিন্ন এলাকায় তুলাখেত পরিদর্শন করেন এবং দামুড়হুদার লক্ষ্মীপুরে তুলাচাষি সমাবেশে যোগ দেন। এ সময় তাঁরা চাষিদের সঙ্গে তুলা চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। এ সময় তাঁরা চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে ন্যায্যমূল্যে মানসম্মত বীজ ও কীটনাশক সরবরাহ এবং প্রতি মণ তুলার দাম দুই হাজার ৫২০ টাকা থেকে তিন হাজার টাকায় উন্নীত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন। 

ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, দেশে বর্তমানে বার্ষিক তুলার চাহিদা প্রায় ৫০ লাখ বেল। স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে মাত্র এক লাখ বেল। তাই উফশী জাতের তুলা আবাদে কৃষকদের উৎসাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সহযোগিতা করা হচ্ছে।