তামাকজাত পণ্যে কর বাড়ানোর দাবি
দেশের প্রায় ৪৩ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। বিশাল এই জনগোষ্ঠীকে ধূমপান ও তামাক ব্যবহারে নিরুৎসাহিত করতে জনস্বার্থে আগামী বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার বাড়ানো প্রয়োজন।এসব অভিমত প্রকাশ করে তামাকজাত পণ্যের ওপর উচ্চহারে কর আরোপের বিষয়টিতে সব সংসদ সদস্যকে সক্রিয় সমর্থন জানানোর দাবি করেছে বেসরকারি সংস্থা গ্রিন মাইন্ড সোসাইটি এবং সুহূদ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে গতকাল শনিবার সংগঠন দুটির আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। গ্রিন মাইন্ড সোসাইটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিতে কর্মসূচিতে গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সমকাল-এর উপসম্পাদক সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, গত কয়েক বছরে অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়লেও তামাকজাত পণ্যের দাম সে অনুযায়ী বাড়েনি। সস্তায় পায় বলে তামাক ব্যবহারও বাড়ছে। বক্তারা অভিযোগ করেন, তামাক ব্যবহারের কারণে প্রতি বছর দেশে ৫৭ হাজার ব্যক্তি মারা যাচ্ছে এবং তিন লাখ ৮২ হাজার লোক পঙ্গুত্ব বরণ করছে। তামাক ব্যবহারজনিত আটটি রোগে আক্রান্ত হচ্ছে ১২ লাখ মানুষ। আর রোগীর চিকিৎসা, অকালমৃত্যু, পঙ্গুত্বের কারণে বছরে দেশের অর্থনীতিতে ১১ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।বক্তারা বলেন, প্রতিবছর তামাকদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভ্রান্ত প্রচারণার মাধ্যমে সরকার ও জনপ্রতিনিধিদের বিভ্রান্ত করে এসব পণ্যের ওপর কর বাড়ানোর বিরোধিতা করে। কিছু অর্থ রাজস্ব খাতে দিয়ে এসব প্রতিষ্ঠান সরকারের ওপর রোগ ও অসুস্থতার বোঝা চাপিয়ে অনেক অনেক টাকা লাভ হিসেবে নিয়ে যাচ্ছে।