তারল্য-আস্থার সংকটে শেয়ারবাজার অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের ধারাবাহিক দরপতনের জন্য কেবল তারল্যসংকটই নয়, বিনিয়োগকারীদের আস্থার সংকটকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নেতারা। তাঁরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরলে তারল্য সরবরাহও বেড়ে যাবে। তাই এই মুহূর্তে আস্থা ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ। এ জন্য সব পক্ষকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ এসব কথা বলেন। এর আগে তিনি বাজার পরিস্থিতি নিয়ে সংস্থাটির সদস্যদের সঙ্গে এক বৈঠক করেন। সিএসই সভাপতি ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির জ্যেষ্ঠ সহসভাপতি আল মারুফ খান, সহসভাপতি তারেক কামাল, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রমুখ। সিএসই সভাপতি বলেন, বাজারের তারল্যসংকট দূর করতে হলে নতুন তহবিল নিয়ে আসতে হবে। ব্রোকারেজ হাউসের নতুন শাখা খোলার মাধ্যমে তহবিল আনা যেতে পারে। এর ফলে বাজারে অতিরিক্ত অর্থের পাশাপাশি নতুন বিনিয়োগকারীও বাজারে আসবেন। তবে বিনিয়োগের আগে তাঁদের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে নতুন নতুন আরও মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দেওয়া যেতে পারে।ফখরউদ্দিন আলী আহমেদের মতে, বিভিন্ন কোম্পানির প্লেসমেন্ট শেয়ারে অনেক টাকা আটকে আছে। তাই বর্তমান বাজারে টাকার সরবরাহ বাড়াতে প্লেসমেন্ট শেয়ারের বিক্রি নিষেধাজ্ঞার (লকইন) সময় কমিয়ে আনা দরকার। তিনি একই সঙ্গে রিভার্স রেপোর সুদের হার ও লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার সুপারিশ করেন।ফখরউদ্দিন আলী আহমেদ আরও বলেন, বড় ধরনের মূল্য সংশোধন হওয়ার পর শেয়ারবাজার এখন সম্পূর্ণ বিনিয়োগযোগ্য অবস্থায় রয়েছে। অধিকাংশ শেয়ারের দামই এখন মৌলভিত্তির সঙ্গে সংগতিপূর্ণ। তালিকাভুক্ত কোম্পানির অনেকগুলোরই মৌলভিত্তি ভালো। কোম্পানিগুলোর শেয়ারপ্রতি সম্পদ আছে। তাই বিনিয়োগকারীদের উচিত মৌলভিত্তি দেখে বিনিয়োগ করা।এ ছাড়া সংবাদ সম্মেলন থেকে বাজারের স্থিতিশীলতার জন্য লেনদেনের ওপর আরোপিত কর ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাশুল কমানো, মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের বাধা দূর এবং ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারকে গতিশীল করার সুপারিশ করা হয় । এর বাইরে বাংলাদেশ ফান্ডের অর্থ ব্যবহার ও মার্চেন্ট ব্যাংকের কার্যক্রমে আরও স্বচ্ছতা আনার পরামর্শ দেন ফখরউদ্দিন আলী আহমেদ। একই সঙ্গে তিনি মার্চেন্ট ব্যাংকগুলোকে ব্যবসার পাশাপাশি পত্রকোষ বিনিয়োগে আরও বেশি মনোযোগী হওয়ার অনুরোধ জানান। সেই সঙ্গে পুঁজিবাজার সম্পর্কে সব মহলে ইতিবাচক ধারণা তৈরি ও স্টক এক্সচেঞ্জগুলোর সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানানো হয়। সিএসইতে নতুন ছয় পরিচালক: সিএসইর পরিচালনা পর্ষদে ছয়জন নতুন সদস্য যুক্ত হয়েছেন। অনির্বাচিত পরিচালক হিসেবে তাঁদের মনোনীত করা হয়। তাঁরা হলেন: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) সাবেক সভাপতি আবদুচ ছালাম ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। যোগাযোগ করা হলে সিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী মাসখানেক আগে আমরা তাঁদের নাম নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম। গত সপ্তাহে এসইসি ওই মনোনীত ছয় পরিচালকের নাম অনুমোদন করেছে।’ জানা গেছে, আগামী তিন বছর তাঁরা এই দায়িত্ব পালন করবেন।