তারল্য নয়, আস্থা ও সমন্বয়হীনতা বাজারের মূল সমস্যা
তারল্য নয়, আস্থা ও নীতি নির্ধারণে সমন্বয়হীনতাই পুঁজিবাজারের বর্তমান সংকটের মূল সমস্যা বলে মনে করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি নুরুল আমিন। আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।এবিবির সভাপতি নুরুল আমিন বলেন, বর্তমানে বাজারে টাকার অভাব নেই। মূল অভাব আস্থা ও নীতি নির্ধারণে সমন্বয়। তিনি বলেন, ‘টাকার সমস্যা হলে যত টাকা প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত রয়েছি। তবে আস্থা ফেরানো ও নীতি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘ব্যাংকের কাজ বাজারে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া। সর্বাবস্থায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ ব্যাংকগুলো বড় আকারে বাজারে সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।এবিবির সভাপতি আরও বলেন, ব্যাংকগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব ফোর্টফোলিও রয়েছে। এর মাধ্যমে ব্যাংকগুলো বাজারে অংশগ্রহণ করছে। বর্তমান নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলো তাদের মোট দায়ের ১০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। তবে অব্যাহত দরপতনের কারণে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অনেক কমে যাওয়ায় এ ক্ষেত্রে কিছুটা ব্যবধান থাকতে পারে। অন্যদিকে ব্যাংক কোম্পানি আইনও এ ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। তাঁর মতে, নতুন ব্যাংক কোম্পানি আইন পাস হলে ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগ কমিয়ে আনা লাগতে পারে। তাই এ নিয়ে তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।এ সময় সিএসইর সভাপতি আল মারুফ খান বলেন, ‘১৭টি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে আমরা আজ বৈঠক করেছি।’ এখানে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাজারে ব্যাংকের বিনিয়োগের অবস্থান নিয়েও আলোচনা করা হয়েছে। এ ছাড়া সকালে সিএসইর পর্ষদ সভা হয়েছে।আল মারুফ খান আরও বলেন, ‘আমরা কেওয়াইসি প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।’ একই সঙ্গে সব পক্ষকে একসঙ্গে বসে বিদ্যমান সমস্যা তুলে ধরে তা সমাধানে আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলেও মনে করেন সিএসইর সভাপতি।