তারল্য-সংকট কাটাতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তারল্য-সংকট কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিবিএল) ও সাধারণ বীমা করপোরেশন যৌথভাবে এ তহবিল গঠন করবে। প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভায় অনুমোদনের পর ফান্ডটি একটি কাঠামোতে দাঁড় করানো হবে। যত দ্রুত সম্ভব এ তহবিলের কার্যক্রম শুরু হবে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান আইসিবির সম্মেলনকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।ফায়েকুজ্জামান বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষায় এরই মধ্যে আইসিবি ও রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করেছে। আজ থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশন।আজ ওই সাতটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে উল্লেখ করে ফায়েকুজ্জামান আরও বলেন, বর্তমানে বাজারে যেসব ভালো মৌল ভিত্তির শেয়ার রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম যাতে স্থিতিশীল হয়, সে লক্ষ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী সাত প্রতিষ্ঠান নিজ উদ্যোগে বিনিয়োগ করবে। এ ছাড়া ওই সাতটি প্রতিষ্ঠানসহ আইসিবির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডকে প্রয়োজনে বিশেষ ফান্ড থেকে ঋণসহায়তা দেওয়া হবে। এ ছাড়া ফান্ডটি গঠনে ব্যাংক ও বিমা কোম্পানিকেও এগিয়ে আসার আহ্বান জানানো হবে এবং বিশেষ প্রয়োজনে তাদেরও ঋণসহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। তবে ফান্ডটির আকার কেমন হবে, সে ব্যাপারে তিনি কিছু না জানালেও ফান্ডটি বড় আকারের হবে বলে জানান ফায়েকুজ্জামান।এ দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের ব্যাপারে তিনি বলেন, ডিএসই কর্তৃপক্ষই এটির পুনর্গঠন চাচ্ছে। বিষয়টি স্বচ্ছতার মধ্য দিয়ে কিছুটা হলেও সঠিক পথে এগোচ্ছে।এ ছাড়া বাজারে তারল্য-সংকট সম্পর্কে তিনি বলেন, বাজারে তারল্য দরকার, এটা যেমন ঠিক। তেমন বাজারে তারল্য আছে এটাও ঠিক। তাঁর মতে, বাজার ভালো হলে স্বয়ংক্রিয়ভাবে বাজারে তারল্য আসে। সুতরাং আগে বাজার ঠিক করা দরকার। তিনি বলেন, বর্তমানে বাজারে বিনিয়োগযোগ্য অনেক ভালো শেয়ার রয়েছে। যাতে বিনিয়োগের এখনই সময়।এদিকে সরকারি ঘোষণা অনুযায়ী আজ আইসিবি গতকাল রোববারের চেয়ে দ্বিগুণ অর্থের শেয়ার কিনেছে বলে ব্যবস্থাপনা পরিচালক জানান।