তালি এক হাতে বাজে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান বলেছেন, খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার পেছনে দায়ী ভুল উদ্যোক্তা নির্বাচন। ব্যবসায়ীরা ঋণ নিয়ে পালাচ্ছেন, এ জন্য তাঁরা একা দায়ী নন, ব্যাংকের লোকজনও দায়ী। কারণ, তালি এক হাতে বাজে না। টাকা একবার চলে গেলে ফেরত আনা কঠিন। ভবিষ্যতে এসব কঠোর হাতে দমন করা হবে।
জনতা ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে গতকাল খেতিনি এসব কথা বলেন।
এ সময় ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘এটা বাণিজ্যিক ব্যাংক, মুনাফা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। যেসব শাখা লোকসানে চলছে, তাদের টিকিয়ে রাখার প্রয়োজন কী? প্রয়োজনে লোকসানি শাখাগুলো অন্যত্র স্থানান্তর করা হবে। অনেকে ঋণ না দিয়ে রক্ষণশীল আচরণ করছেন, তাদের ব্যাংকিং পেশায় থাকার প্রয়োজন কী?’
সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম বলেন, গত বছর শেষে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৬ কোটি টাকা। গত বছর খেলাপি ঋণের বিপরীতে ৬৪০ কোটি টাকা ও অবলোপনকৃত ঋণ থেকে ১১১ কোটি টাকা নগদ আদায় করা হয়েছে।
গত বছরে জনতা ব্যাংক নিট মুনাফা করে ২৬১ কোটি টাকা। সরকারকে ১ কোটি টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয় এজিএমে। সভায় ব্যাংকের পরিচালক, ডিএমডি ও জিএমরা উপস্থিত ছিলেন।