তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি) নির্দেশে স্বতন্ত্র পরিচালকদের প্রস্তাবিত তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ।
সংশোধিত তালিকা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে। এ সভায় ১৪ জনের তালিকাটি সংশোধন করা হবে। এতে করে তালিকায় কয়েকজনের নাম বাদ পড়ে নতুন করে কয়েকজনের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য ডিএসই ও সিএসইর পক্ষ থেকে ১৪ জন করে ২৮ জনের আলাদা তালিকা করা হয়। কিন্তু স্বতন্ত্র পরিচালক নির্বাচনের জন্য নির্ধারিত যোগ্যতার মাপকাঠি পরিপূর্ণভাবে পরিপালিত না হওয়ায় বিএসইসি ওই তালিকা গ্রহণ করেনি। বরং তালিকা সংশোধন করে আজ মঙ্গলবারের মধ্যে আবার তা কমিশনে পাঠানোর নির্দেশ দেয়। সেই আলোকে তালিকা সংশোধনের কাজ করছে দুই স্টক এক্সচেঞ্জ।
এদিকে দেশের শেয়ারবাজারে আজ থেকে এএফসি এগ্রো বায়োটেক নামে নতুন আরেক কোম্পানির লেনদেন শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এরই মধ্যে কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। নতুন কোম্পানি হিসেবে ‘এন’ শ্রেণীভুক্ত হবে এটি।
কোম্পানিটি গত বছরের ৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহ করে। আইপিওতে প্রতিষ্ঠানটি এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করে। প্রতিটি শেয়ার অভিহিত মূল্যে আইপিওতে বিক্রি করা হয়। এর ফলে কোম্পানিটির মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি টাকায়। কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লট ৫০০ শেয়ার নিয়ে গঠিত।
লেনদেন শুরুর আগে গতকাল সোমবার কোম্পানিটি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে তা প্রকাশও হয়। তাতে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আইপিও পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ১৫ পয়সা।
বাজারচিত্র: শেয়ারবাজারে গতকাল সোমবারও কিছুটা মূল্য সংশোধন হয়েছে। দিনশেষে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৭৯৮ পয়েন্টে। কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬০৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮১ পয়েন্টে। সিএসইতে দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।