তালিকাচ্যুত পদ্মা সিমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা সিমেন্ট লিমিটেডকে তালিকাচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গত ৩০ এপ্রিল ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে আজ এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদে বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী পদ্মা সিমেন্টকে তালিকাচ্যুত করা হয়েছে।
এর আগে গত ১২ মার্চ পদ্মা সিমেন্ট জানিয়েছিল শিগগির বন্ধ হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ কারণে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের ২১ মার্চের মধ্যে বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। ওই দিন ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে পদ্মা সিমেন্ট জানায়, প্রতিষ্ঠানটি শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের শেয়ারধারীদের পাওনা-সংক্রান্ত তথ্য যথাযথ কাগজপত্রসহ অফিশিয়াল লিকুইডেটর মো. মোকছেদুল ইসলামের কাছে জমা দিতে বলা হয়েছে।
পদ্মা সিমেন্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের কোম্পানি আইনের ১৩৩ ধারা মোতাবেক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারের পদ্মা সিমেন্টের অবলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্টের ম্যাটার নং-৫৩/২০১২ অনুযায়ী সংশ্লিষ্ট পাওনাদারদের দাবিনামা দাখিলের আদেশ দেওয়া হয়েছে।
ওই আদেশ অনুযায়ী লিকুইডেটরের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। এতে বলা হয়, ‘পদ্মা সিমেন্ট কোম্পানি লিমিটেডের কাছে কোনো পাওনা থাকলে পাওনার সপক্ষে মূল কাগজপত্র অথবা দলিলপত্রসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এফিডেভিট করে নিজে অথবা আইনজীবীর মাধ্যমে পদ্মা সিমেন্টের অফিশিয়াল লিকুইডেটরের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। পরবর্তী সময়ে দাবিনামা পরীক্ষা-নিরীক্ষার পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি কোর্টে দাখিল করা হবে।’
এ বিষয়ে মোকছেদুল ইসলামের সহকারী এম এ সাত্তার প্রথম আলোকে বলেছিলেন, ‘কেউ চাইলে দাবিনামা আদালতে জমা দিতে পারেন আবার আমাদের কাছেও জমা দিতে পারেন। আমরা তা আদালতে পৌঁছে দেব।’